২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজই এগিয়ে: পাওয়েল

শেষ বেলায় শিবনারায়ন চন্দরপল ও কেমার রোচের উইকেট দুইটি তুলে নিয়ে বাংলাদেশ খেলায় ফিরলেও প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজই এগিয়ে আছে বলে দাবি তাদের উদ্বোধনী ব্যাটসম্যান কাইরন পাওয়েলের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ বেলায় শিবনারায়ন চন্দরপল ও কেমার রোচের উইকেট দুইটি তুলে নিয়ে বাংলাদেশ খেলায় ফিরলেও প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজই এগিয়ে আছে বলে দাবি তাদের উদ্বোধনী ব্যাটসম্যান কাইরন পাওয়েলের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাওয়েল বলেন, "উইকেটে দুজন সেট ব্যাটসম্যান রয়েছেন। দুজনেরই বড় ইনিংস খেলার সামর্থ্য রয়েছে। পেছনে যারা আছেন তারাও ব্যাট করতে পারেন। রোববার সকালে তারা দেখেশুনে ব্যাট করলে প্রথম ইনিংসে আমরা বড় স্কোর গড়তে পারবো বলে আশা করছি।" চোটের কারণে লেন্ডল সিমন্স না খেলায় ক্রেইগ ব্র্যাথওয়েইটের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন পাওয়েল। নিজের দ্বিতীয় টেস্টেই পেয়েছেন প্রথম অর্ধশতক। তারপরও শতক না পাওয়ায় হতাশ পাওয়েল বলেন, "যেভাবে খেলছিলাম তাতে শতক পেতে পারতাম। কাছাকাছি এসেও শতক না পাওয়ায় তো অবশ্যই হতাশজনক।" ইনিংস উদ্বোধন করতে নামার সময় বিশেষ কোনো পরিকল্পনা ছিল কী না জানতে চাইলে তিনি বলেন, "প্রথম ঘন্টা খেয়াল করে খেলতে চেয়েছি। আমাদের মনে হয়েছিলো একটু ধরে খেললে ভালো করা যাবে।" উইকেট সম্পর্কে তিনি বলেন, "বল নিচু হয়ে আসছিল। এছাড়া উইকেটে টার্নও ছিলো। তবে বল ব্যাটেই আসছিল।" নতুন বলে সাকিব আল হাসানকে নিয়ে আসার পর বেশ সতর্ক হয়ে গেলেও ইতিবাচক ক্রিকেট খেলতে চেয়েছিলেন বলে জানান পাওয়েল। তিনি বলেন, "বল তখন খুব একটা টার্ন না করায় সাকিবকে খেলা কঠিন ছিলো না। আমি তখন এলবিডব্লি¬উ এড়াতে চেয়েছিলাম আর সোজা ব্যাটে খেলতে চেয়েছিলাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮৫২ ঘ.