২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টেস্টেও নেই মাহমুদুল্লাহ

ডেঙ্গু জ্বরে পড়ে একমাত্র টি- টোয়েন্টি, তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও প্রথম টেস্ট খেলতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। অনুশীলনে চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলতে পারছেন না বাংলাদেশের সহ-অধিনায়ক ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 02:10 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডেঙ্গু জ্বরে পড়ে একমাত্র টি- টোয়েন্টি, তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও প্রথম টেস্ট খেলতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। অনুশীলনে চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলতে পারছেন না বাংলাদেশের সহ-অধিনায়ক । বৃহস্পতিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের সঙ্গে প্রথম অনুশীলন করেন মাহমুদুল্লাহ। তবে চোটটা হয়েছে বুধবার। নেটে ব্যাটিং অনুশীলন করার সময় একটি লাফিয়ে ওঠা বল তার ডান হাতের বুড়ো আঙ্গুলে আঘাত করে। এই চোটের কারণে ডিসেম্বরের আগে জাতীয় ক্রিকেট লিগে খেলতে পারবেন না মাহমুদুল্লাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "মাহমুদুল্লাহর ডান হাতের বুড়ো আঙ্গুলে চিড় ধরেছে। দ্বিতীয় টেস্টে তার খেলা হচ্ছে না।" "এ ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। তাই ডিসেম্বরের আগে জাতীয় লিগের কোনো ম্যাচ খেলতে পারবেন না তিনি। আশা করি, পাকিস্তানের সঙ্গে সিরিজের আগেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন," যোগ করেন তিনি। চোটের কারণে জাতীয় দল থেকে বাদ পড়া পেসার শফিউল ইসলামের অবস্থা শনিবার জানা যাবে বলে জানান ডা. চৌধুরী। তিনি বলেন, "শফিউল শুক্রবার ঢাকায় আসবেন। শনিবার পরীক্ষার পর তার অবস্থা জানা যাবে।" "শফিউলের গোড়ালির একপাশ শক্ত হয়ে ক্ষত তৈরি হয়েছে। এর আগেও তিনি একবার এ ধরনের সমস্যায় পড়েছিলেন। সেবার পুরোপুরি সেরে উঠতে চার সপ্তাহ লেগেছিলো তার," যোগ করেন তিনি। চোটের কারণে আরো দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে শফিউলকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০৬ঘ.