২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দিনেই ঢাকা মেট্রোর জয়

সোমবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ত্রয়োদশ জাতীয় লিগের দ্বিতীয় পর্বে ঢাকাকে দুই দিনের মধ্যেই ৭ উইকেটে হারিয়েছে নবাগত ঢাকা মেট্রো। দুই ম্যাচেই জয়ের সুবাদে তারাই এখন লিগের শীর্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 01:25 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ত্রয়োদশ জাতীয় লিগের দ্বিতীয় পর্বে ঢাকাকে দুই দিনের মধ্যেই ৭ উইকেটে হারিয়েছে নবাগত ঢাকা মেট্রো। দুই ম্যাচেই জয়ের সুবাদে তারাই এখন লিগের শীর্ষে। ঢাকা-ঢাকা মেট্রো রাজশাহীতে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ছিলো বোলারদের আধিপত্য। সোমবার সব মিলিয়ে উইকেট পড়েছে ১৫টি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ঢাকার ব্যাটসম্যানরা ব্যর্থ। উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদার ৮০ রানের দায়িত্বশীল ইনিংস খেললেও মাত্র ১৪০ রানে অলআউট হয়ে যায় তারা। রনির ১২১ বলের ইনিংসে ১১টি চার ও একটি ছক্কা। সৈকত আলী ১৯ ও শহিদ ১৫ রান করেন। ঢাকার বাকি আট ব্যাটসম্যানের কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি। ঢাকা মেট্রোর সফলতম বোলার তারেক আজিজ খান ৪ উইকেট নেন ৫২ রানে। ২৪ রানে আরাফাত সালাউদ্দিনের শিকার ৩ উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়ার সুবাদে তিনিই ম্যাচের সেরা খেলোয়াড়। এর আগে ৮ উইকেটে ১০২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা ঢাকা মেট্রো অলআউট হওয়ার আগে করে ১০৮ রান। ২৪ রানের লিড পেলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হার মানতে হয় ঢাকাকে। জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৩১ রানে দুই উইকেট হারায় ঢাকা মেট্রো। তবে তৃতীয় উইকেট জুটিতে ১২৯ রান যোগ করে দলকে জয়ের পথে নিয়ে যান অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও আসিফ আহমেদ। দলীয় ১৬০ রানে আশরাফুল (৫৮) বিদায় নিলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আসিফ। আশরাফুলের ৭১ বলের ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা। ১৫টি চারের সাহায্যে ৯২ বলে ৭৬ রান করেন আসিফ। বরিশাল-খুলনা সিলেট বিভাগীয় স্টেডিয়ামে আব্দুর রাজ্জাক, আনামুল হক ও তাপস ঘোষের অর্ধশতকের সুবাদে ৩০ রানের লিড নিয়েছে খুলনা। বরিশাল প্রথম ইনিংসে করে ৩০২ রান, খুলনা ৩৩২। ১ উইকেটে ৫২ রান নিয়ে খেলা শুরু করে খুলনা। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান তাপস (৫৮) ও আনামুল (৬০) অর্ধশতক তুলে নেন। ২২৭ রানে খুলনার ৭ উইকেট পড়ে যাওয়ার পর বরিশালের লিড পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু টেস্ট দল থেকে বাদ পড়া রাজ্জাকের দৃঢ়তায় তা হয়নি। আগের দিন ৮ উইকেট নেয়া রাজ্জাকের ব্যাট থেকে আসে আক্রমণাত্মক ৬৯ রান। ৬৩ বলের ইনিংসটি সাজানো ৫টি চার ও ৩টি ছক্কায়। বরিশালের সফলতম বোলার ফজলে রাব্বি ৪ উইকেট নেন ৫৫ রানে। ৫১ রানে মনির হোসেনের শিকার ৩ উইকেট। রাজশাহী-রংপুর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে স্বস্তিতে নেই বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী। ২৪ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে রাজশাহীর সংগ্রহ ৫ উইকেটে ১৪৯ রান। ফরহাদ রেজা ৫৫ ও জুবায়ের আহমেদ ১০ রান নিয়ে ব্যাট করছেন। ফরহাদের ৬৪ বলের ইনিংসে ৭টি চার। এছাড়া অধিনায়ক জহুরুল ইসলাম অমি করেন ৩৯ রান। রংপুরের পক্ষে আলাউদ্দিন বাবু ২ উইকেট নেন ৪৫ রানে। এর আগে ৪ উইকেটে ৮৩ রান নিয়ে দিন শুরু করা রংপুর প্রথম ইনিংসে করে ২৩০ রান। আগের দিন ৫৯ রানে অপরাজিত লিটন কুমার কোনো রান যোগ না করেই সাজঘরে ফিরে যান। অধিনায়ক তারিক আহমেদ (৫৪) ও ধীমান ঘোষ (৪২) ষষ্ঠ উইকেটে ৯২ রান যোগ করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। দলীয় ১৭৬ রানে ধীমান ও ১৮৩ রানে তারিক ফিরে গেলে দলকে একাই টানেন সায়মন আহমেদ। তিনি অপরাজিত থাকেন ৪৬ রানে। রাজশাহীর পক্ষে সাকলায়েন সজীব ৪ উইকেট নেন ৭৬ রানে। এছাড়া তিনটি করে উইকেট নেন অধিনায়ক ফরহাদ রেজা ও সাব্বির রহমান। এজন্য রেজা দেন ৪৮ রান। সাব্বির ১৭। সিলেট-চট্টগ্রাম বিকেএসপিতে অলক কাপালী, গোলাম মাবুদ ও তাপস বৈশ্যর অর্ধশতকের সুবাদে প্রথম ইনিংসে ২৭০ রান করে সিলেট। অলক প্রথম দিনই অর্ধশতক তুলে নেন। দ্বিতীয় দিন অর্ধশতক করেন মাবুদ (৫৫) ও তাপস (৫৮)। চট্টগ্রামের পক্ষে নুর হোসেন ৩ উইকেট নেন ৮৮ রানে। জবাবে নাফিস ইকবালের অর্ধশতকের সুবাদে দিন শেষে ১৪৫ রান করে চট্টগ্রাম। নাফিস ৫৯ ও আফতাব ১৯ রানে অপরাজিত আছেন। অধিনায়ক নাজিমুদ্দিনের ব্যাট থেকে আসে ৩১ রান। সিলেটের পক্ষে রবিউল ইসলাম ২ উইকেট নেন ২৭ রানে। চট্টগ্রামের পক্ষে ফয়সাল ২ উইকেট নেন ১৯ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১৪ঘ.