ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমার সাঙ্গাকারার অপরাজিত শতকের সুবাদে পাকিস্তানের সঙ্গে লড়ে যাচ্ছে শ্রীলঙ্কা। শুক্রবার প্রথম টেস্টের চতুর্থ দিনশেষে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৫ উইকেটে ২৯৮ রান। পাকিস্তানের চেয়ে এখনো তারা পিছিয়ে ১৬ রানে।
টেস্টে ২৬তম শতকের দেখা পাওয়া সাঙ্গাকারা ১৬১ রানে অপরাজিত। ২৯৫ বলের ইনিংসটি সাজানো ১৬টি চারে। সাঙ্গাকারার সঙ্গে ২৫ রান নিয়ে ব্যাট করছেন প্রসন্ন জয়াবর্ধনে। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে দুজনের অবদান ৬৫ রান।
১ উইকেটে ৪৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। সাঙ্গাকারা ও লাহিরু থিরিমান্নের দ্বিতীয় উইকেট জুটিতে আগের দিন উঠেছিলো ৪৭ রান। শুক্রবার প্রতিপক্ষের ফিল্ডারদের ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে আরো ১০৬ রান যোগ করেন তারা। সাঙ্গাকারা-থিরিমান্নে ব্যাট করার সময় চারটি ক্যাচ ফেলে পাকিস্তান।
শেষ পর্যন্ত দলীয় ১৫৩ রানে রান আউট হয়ে ফিরে আসেন থিরিমান্নে (৬৮)। শ্রীলঙ্কার সংগ্রহে আর ৭ রান যোগ হতেই তাকে অনুসরণ করেন মাহেলা জয়াবর্ধনে (৪)।
অধিনায়ক তিলকারতেœ দিলশানও (৯) বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি আউট হওয়ার সময় ১৯১/৪-এ পরিণত শ্রীলঙ্কা বেশ অস্বস্তিতেই ছিলো। সহ-অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের (২২) সঙ্গে সাঙ্গাকারার ৪২ রানের জুটিও অস্বস্তিটা দূর করতে পারেনি।
পাকিস্তানের পক্ষে সেরা বোলিং উমর গুলের। ৪৯ রানে ২ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০৪ঘ.
bdnews24