২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ ভারতের

তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে ভারত। তখনো হাতে ছিল ৪ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 05:04 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে ভারত। তখনো হাতে ছিল ৪ বল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। রোববার সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামবে দল দুটি। বৃহস্পতিবার মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে জোনাথন ট্রট, কেভিন পিটারসেন ও সামিত প্যাটেলের অর্ধশতকের সুবাদে ৪ উইকেটে ২৯৮ রান করে ইংল্যান্ড। জবাবে অজিঙ্কিয়া রাহানে, গৌতম গম্ভিরের অর্ধশতকের সুবাদে ৪৯ ওভার ২ বলে ৫ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে ভালো সূচনা এনে দেন পার্থিব প্যাটেল ও রাহানে। দলীয় ৭৯ রানে পার্থিব (৩৮) বিদায় নিলেও দলকে ভালো অবস্থানে নিয়ে যান রাহানে। দ্বিতীয় উইকেটে গম্ভিরের সঙ্গে তিনি যোগ করেন ১১১ রান। নিজের অর্ধশতকে পৌঁছে গম্ভির (৫৮) বিদায় নিলে খেলায় ফিরে ইংল্যান্ড। গম্ভির তার ৬০ বলের ইনিংসটি সাজান ৩টি চার ও ১টি ছয় দিয়ে। এরপর শতক থেকে ৯ রান দূরে রাহানে (৯১) বিদায় নিলে স্বাগতিকদের ওপর চাপ আরো বাড়ে। তার ১০৪ বলের ইনিংসে ৬টি চার রয়েছে। দলের রান তখন ২১২। ৫ রান পর সুরেশ রায়না রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন। শুরু করেও নিজের ইনিংস বড় করতে পারেন নি বিরাট কোহলি (৩৫)। দলীয় ২৩৫ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন তিনি। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে ৬৫ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৩৫ ধোনি ও ২৬ জাদেজা রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের পক্ষে টিম ব্রেসন্যান ও স্টিভেন ফিন দুটি করে উইকেট নেন। এর আগে ব্যাট করতে নেমে ৫৩ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক অ্যালিস্টার কুক (৩) ও ক্রেগ কিসওয়েটার (৩৩)। তৃতীয় উইকেটে ট্রট ও পিটারসেন ১০১ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেন। ট্রট দেখেশুনে খেললেও ভারতের বোলারদের ওপর চড়াও হন পিটারসেন। দলীয় ১৫৪ রানে পিটারসেন (৬৪) বিদায় নিলেও অবিচল ছিলেন ট্রট। পিটারসেনের ৬১ বলের ইনিংসে ৯টি চার রয়েছে। তৃতীয় উইকেটে বোপারাকে সঙ্গে নিয়ে ৪১ রানের একটি জুটি গড়েন ট্রট। ২৪ রান করে বোপারার বিদায়ের পর ভারতের বোলারদের উপর আরোর চড়াও হন সফরকারী ব্যাটসম্যানরা। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ট্রট ও সামিত তুলন ১০৩ রান। শেষ পর্যন্ত ট্রট ৯৮ ও সামিত ৭০ রানে অপরাজিত থাকেন। ট্রটের ১১৬ বলের ইনিংসে ৮টি চার রয়েছে। আর সামিত তার ৪৩ বলের ইনিংসটি সাজান ৭টি চার ও ২টি ছয় দিয়ে। ভারতের পক্ষে চারজন বোলার একটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৫৯ ঘ.