ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের প্রথম পর্বে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী। ঢাকা মেট্রোর কাছে তারা হার মেনেছে ৬ উইকেটে।
এছাড়া সিলেট-খুলনা ও ঢাকা-রংপুরের খেলা দুটো অমীমাংসিতভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার শেষ দিনে শতক পেয়েছেন ঢাকার আব্দুল মজিদ।
রাজশাহী-ঢাকা মেট্রো
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিকদের হারাতে শেষ দিনে ৮১ রান করতে হতো ঢাকা মেট্রোকে। এই রান করতে এক সেশনও লাগেনি জাতীয় লিগের নবাগতদের।
তৃতীয় দিনশেষে আসিফ আহমেদ ২১ ও শামসুর রহমান শুভ ৭ রান নিয়ে অপরাজিত ছিলেন। বৃহস্পতিবার আসিফ ৪৭ ও শুভ ১৯ রান করে আউট হয়ে গেলেও জয় পেতে সমস্যা হয়নি ঢাকা মেট্রোর। অধিনায়ক মেহরাব হোসেন ২৮ ও মার্শাল আইয়ুব ১১ রানে অপরাজিত থেকে দলকে লক্ষ্যে পৌঁছে দেন।
সিলেট-খুলনা
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে খুলনাকে বাঁচিয়ে দিয়েছেন সৌম্য সরকার ও জিয়াউর রহমান। ৩৭৩ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে খুলনা। তবে ঠান্ডা মাথায় জিয়াকে সঙ্গে নিয়ে শেষ ৩৫ ওভার কাটিয়ে দেন সৌম্য।
শেষ পর্যন্ত সৌম্য ৬২ ও জিয়া ১০৯ বল খেলে ৪ রানে অপরাজিত থাকেন। খেলা শেষ হওয়ার সময় দ্বিতীয় ইনিংসে খুলনার স্কোর ১২১/৬।
এর আগে ২ উইকেটে ৭৬ রান নিয়ে খেলা শুরু করে ৬ উইকেটে ১৬৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সিলেট।
খুলনার পক্ষে মুরাদ খান ৪ উইকেটে নেন ৩৫ রানে।
ঢাকা-রংপুর
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আলাউদ্দিন বাবুর দৃঢ়তায় হার এড়িয়েছে রংপুর। জয়ের জন্য ৩৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৬ রানে ৬ উইকেট হারায় রংপুর। সেখান থেকে মাহমুদুল হাসান (৪৩) ও সাজিদুল ইসলামকে নিয়ে শেষ ৩১ ওভার কাটিয়ে দেন বাবু।
বাবু ৬১ ও সাজিদুল ৬ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২০১ রান করে রংপুর।
ঢাকার পক্ষে মোহাম্মদ শহিদ ৩ উইকেট নেন ৫৫ রানে।
এর আগে ১ উইকেটে ২০১ রান নিয়ে দিনের খেলা শুরু করে ঢাকা। অপরাজিত ৬৭ রান নিয়ে ব্যাট করতে নামা মজিদ শতরানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ৩ উইকেটে ২৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা।
মজিদের অপরাজিত ১০৪ রানের ইনিংসটি ৫টি চার দিয়ে সাজানো।
২৩ অক্টোবর থেকে শুরু হবে জাতীয় লিগের দ্বিতীয় পর্বের খেলা। এই পর্বে সিলেটে খুলনা- বরিশাল, বিকেএসপিতে সিলেট-চট্টগ্রাম, রাজশাহীতে ঢাকা-ঢাকা মেট্রো ও বগুড়ায় রাজশাহী-রংপুর মুখোমুখি হবে।
প্রথম পর্ব শেষে ১৩.৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ঢাকা মেট্রো। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম। সিলেটের পয়েন্ট ৮। বরিশাল, ঢাকা, খুলনা ও রংপুরের পয়েন্ট ৪ করে। সবার নিচে থাকা রাজশাহীর পয়েন্ট ৩।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০১ঘ.
bdnews24