২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুল-রাজ্জাকের বাদ পড়া নিয়ে ক্ষোভ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষিত দলে মোহাম্মদ আশরাফুল ও আব্দুর রাজ্জাককে না রাখায় নির্বাচকদের সমালোচনা করেছেন সাবেক তিন ক্রিকেটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 01:12 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষিত দলে মোহাম্মদ আশরাফুল ও আব্দুর রাজ্জাককে না রাখায় নির্বাচকদের সমালোচনা করেছেন সাবেক তিন ক্রিকেটার। আশরাফুল ও রাজ্জাককে বাদ দেয়ায় জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ, সাবেক নির্বাচক আতহার আলী খান এবং সাবেক অধিনায়ক রকিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোরের কাছে হতাশা প্রকাশ করেন। রকিবুল হাসান বলেন, "আশরাফুলকে দলে রাখা যেতো। অনেকে হয়তো বলবেন তিনি ভালো খেলতে পারছেন না। কিন্তু আমার কাছে তা মনে হয় না। জিম্বাবুয়েতে বাংলাদেশের সর্বশেষ টেস্টেও তিনি ভালো ব্যাট করেছেন।" "অবশ্য নতুনদেরও সুযোগ দেয়া দরকার। একজন ক্রিকেটার যখন ভালো খেলেন তখনই তাকে সুযোগ দেয়া উচিৎ। এবার চারজন ক্রিকেটার সেই সুযোগ পেয়েছেন," যোগ করেন তিনি। ফারুক এবং আতহার টেস্ট দল নিয়ে ভীষণই হতাশ। ফারুক বলেন, "টেস্ট দল ভালো হয়নি। এই দলে টেস্ট বিশেষজ্ঞ ক্রিকেটার কম।" "বরং অলরাউন্ডারের সংখ্যা বেশি। আমার মনে হয় না টেস্টে এই দলের কাছ থেকে ভালো কিছু পাওয়ার আশা করা যায়," যোগ করেন তিনি। ফারুক বলেন, "আশরাফুল, রাজ্জাক, শফিউলের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দেয়া ঠিক হয়নি।" "নির্বাচকরা যে কী করছেন তা শুধু তারাই জানেন। টি-টোয়েন্টিতে খারাপ করলে টেস্ট দল থেকে বাদ দিচ্ছেন। আবার ওয়ানডেতে খারাপ করলে বাদ দিচ্ছেন টি-টোয়েন্টিতে," যোগ করেন তিনি। তিনি বলেন, "রকিবুলের কথাই ধরুন। তিনি বড় দৈর্ঘ্যরে ক্রিকেটের উপযোগী। অথচ তাকে টি-টোয়েন্টিতে সাত-আট নম্বরে ব্যাট করিয়ে বাদ দেয়া হয়েছিলো। এখন আবার তাকে টেস্ট দলে ফেরানো হল।" জাতীয় দলের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান এবং বর্তমানে ধারাভাষ্যকার আতহার বলেন, "আমার মনে হয় টেস্ট দলে অভিজ্ঞ খেলোয়াড় দরকার। কিন্তু এই দলে তার অনুপস্থিতি দেখতে পাচ্ছি।" "বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক কেন দলে নেই তা আমি কিছুতেই বুঝতে পারছি না," যোগ করেন তিনি। আতহার বলেন, "রাজ্জাকের বদলে নেয়া হয়েছে ইলিয়াস সানিকে। ঘরোয়া ক্রিকেটে তিনি ভালো খেলছেন ঠিকই, কিন্তু এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি ।" তিনি বলেন, "মোহাম্মদ আশরাফুল কিন্তু টেস্টে ভালো খেলছিলেন। তবে ওয়ানডেতে তার সময়টা ভালো যাচ্ছে না। তিনি বাদ পড়ায় আমার বেশ খারাপই লাগছে। আমি মনে করি তাকে আরেকটু সুযোগ দেয়া দরকার ছিল।" "টেস্টে এই দল নিয়ে ভালো করা বেশ কঠিন হবে," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫৭ঘ.