ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে আগেই। তবু বাংলাদেশের এই জয় এক কথায় অনবদ্য। মঙ্গলবার তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৬১ রানে অলআউট করে অতি সহজে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ।
লক্ষ্যে পৌঁছানোর সময় স্বাগতিকদের হাতে ছিলো পুরো ৩০ ওভার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে মুশফিকুর রহিম ব্যাটিংয়ে পাঠান প্রতিপক্ষকে। এ নিয়ে সিরিজের তিনটি ওয়ানডেতেই টস জিতলেন বাংলাদেশের নতুন অধিনায়ক। একমাত্র টি-টোয়েন্টিতেও টস জিতেছিলেন তিনি।
ব্যাট করতে নেমে মাত্র ২২ ওভারেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছে যায়। এ নিয়ে চট্টগ্রামে টানা চারটি ম্যাচ জিতল বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে খানিকটা অস্বস্তিতে পড়ে গিয়েছিলো বাংলাদেশ। দলীয় ৩০ রানে ইমরুল কায়েস (১১) ও শাহরিয়ার নাফীসের (০) বিদায়ই তার কারণ।
তবে তৃতীয় উইকেটে তামিম ইকবাল ও মুশফিক ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন। তামিম ৩৫ ও মুশফিক ১০ রানে অপরাজিত থাকেন। তামিমের ৬১ বলের ইনিংসে তিনটি চার।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে মারলন স্যামুয়েলস ও কেমার রোচ একটি করে উইকেট নেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ২৫ রান আসে সিরিজে প্রথম বারের মতো খেলতে নামা কাইরন পাওয়েলের ব্যাট থেকে। দ্বিতীয় উইকেটে স্যামুয়েলসের সঙ্গে ২৩ রানের জুটি গড়েন চোটগ্রস্ত লেন্ডল সিমন্সের জায়গায় সুযোগ পাওয়া পাওয়েল। মঙ্গলবার এটাই ছিলো অতিথিদের সর্বোচ্চ জুটি। এক সময় ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিলো ৩৩/১। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৮ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ফেলে তারা।
শফিউল ইসলামের করা ইনিংসের একাদশ ওভারের পঞ্চম বলে একমাত্র টি-টোয়েন্টি ও প্রথম দুটো ওয়ানডেতেই অর্ধশতক করা স্যামুয়েলসের বিদায়ের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং-ধসের সূচনা।
পরের ওভারে প্রথম বদলি বোলার হিসেবে বল করতে এসে নিজের দ্বিতীয় ও তৃতীয় বলে দুই 'কাইরন' পাওয়েল ও পোলার্ডকে ফিরিয়ে দেন নাসির হোসেন।
এরপর ধ্বংসযজ্ঞে মেতে ওঠেন সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনে ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি (২), দীনেশ রামদিন (৪), কার্লোস ব্র্যাথওয়েইট (১১) ও অ্যান্থনি মার্টিনকে (১) আউট করেন তিনি। মার্টিনকে বোল্ড করে প্রতিপক্ষের ইনিংস গুটিয়ে দেয়ার কৃতিত্বও বাংলাদেশের সাবেক অধিনায়কের।
পাওয়েল ছাড়া শুধু ব্র্যাথওয়েইটই দুই অংকের ঘরে যেতে পেরেছেন।
ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এটাই ওয়েস্ট ইন্ডিজের সর্বনিু রান। আগের সর্বনিু রান ছিলো ১৯৪, ২০০৯ সালের ২৬ জুলাই ডমিনিকার উইন্ডসর পার্কে।
সব প্রতিপক্ষ মিলিয়ে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সর্বনিু রানের তালিকাতেও এটি দুই নম্বরে। এর আগে ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে ৫৪ রানে অলআউট হয়েছিলো তারা। এই নিয়ে ৫০ ওভারের ক্রিকেটে ছয়বার এক শর কমে অলআউট হলো ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে ওয়ানডেতে প্রতিপক্ষকে এক শর নিচে অলআউট করার কৃতিত্ব আর একবারই দেখাতে পেরেছে বাংলাদেশ। ২০০৩ সালের ৩ নভেম্বর এই মাঠেই জিম্বাবুয়েকে ৪৪ রানে গুঁড়িয়ে দিয়েছিলো তারা।
বাংলাদেশের সবচেয়ে সফল বোলার সাকিব। ৫ ওভারে ১৬ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরাও তিনি। ওয়ানডেতে এটা তার সেরা বোলিংও। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ৪/৩৩-ই এত দিন সেরা বোলিং ছিলো সাকিবের। এ নিয়ে ওয়ানডেতে চার বার চার উইকেট পেলেন তিনি।
নাসির হোসেন ও শফিউল ইসলাম নিয়েছেন দুটি করে উইকেট। ২ ওভার বল করা নাসির দিয়েছেন মাত্র ৩ রান। শফিউলের ৭ ওভারে খরচ ২১ রান।
চারটি পরিবর্তন নিয়ে শেষ ওয়ানডে খেলতে নেমেছিলো বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুল, অলক কাপালী, আব্দুর রাজ্জাক ও রুবেল হোসেনের জায়গায় সুযোগ পান শাহরিয়ার নাফীস, শুভাগত হোম চৌধুরী, সোহরাওয়ার্দী শুভ ও নাজমুল হোসেন।
আর ওয়েস্ট ইন্ডিজ লেন্ডল সিমন্স, দেবেন্দ্র বিশু ও রবি রামপলের বদলে পাওয়েল, মার্টিন ও ব্র্যাথওয়েইটকে নিয়ে খেলতে নামে।
সকালের বৃষ্টিতে মাঠ ভিজে থাকায় নির্ধারিত সময়ের আধঘন্টা পর খেলা শুরু হয়। তবে ওভার কাটা যায়নি।
যদিও দুই ইনিংস মিলিয়ে খেলা হয়েছে মাত্র ৪২ ওভার, তিন ঘন্টারও কম সময়!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭০৪ ঘ.
bdnews24