২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগের আর্থিক পুরস্কার বাড়লো

ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের আর্থিক পুরস্কার ও পয়েন্ট পদ্ধতি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের আসরে আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 04:16 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের আর্থিক পুরস্কার ও পয়েন্ট পদ্ধতি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের আসরে আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়ছে। এবারের চ্যাম্পিয়নরা পাবে ২০ লক্ষ টাকা। গতবারের চ্যাম্পিয়ন রাজশাহী পেয়েছিল ১২ লক্ষ টাকা। রানার্সআপের আর্থিক পুরস্কারও বেড়ে ১০ লক্ষ টাকা হচ্ছে। গতবারের রানার্সআপ ঢাকা ৮ লক্ষ টাকা পেয়েছিল। প্রস্তুতির জন্য অংশগ্রহণকারী আটটি দলের প্রতিটি ৫ লক্ষ টাকা করে পাবে। এছাড়া দৈনিক ভাতা হিসেবে এক হাজার ও যাতায়াত ভাতা হিসেবে ৮০০ টাকা করে দেয়া হবে প্রত্যেক ক্রিকেটারকে। প্রথম রাউন্ডে প্রতি ম্যাচের বিজয়ী দল পাবে ৭৫ হাজার টাকা। গত আসরে এর পরিমাণ ছিল ২০ হাজার টাকা। আর দ্বিতীয় রাউন্ডে প্রতি ম্যাচের বিজয়ী দল পাবে এক লক্ষ টাকা। গত আসরে যা ছিল ২৫ হাজার টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন এক লক্ষ টাকা। সর্বোচ্চ রান সংগ্রাহকের আর্থিক পুরস্কার ৫০ হাজার টাকা। প্রথম রাউন্ডের ম্যাচ সেরা পাবেন ১০ হাজার টাকা। দ্বিতীয় রাউন্ডের সেরা খেলোয়াড় ১৫ হাজার আর ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন ২০ হাজার টাকা। বিজয়ী দল পাবে ৮ পয়েন্ট। সরাসরি ফল না হলে অর্থাৎ খেলা অমীমাংসিত থাকলে প্রথম ইনিংসে এগিয়ে থাকা দল ৪ ও তাদের প্রতিপক্ষ পাবে ২ পয়েন্ট। পরিত্যক্ত বা অমীমাংসিত ম্যাচের প্রথম ইনিংসে দুদলের রান সমান হলে প্রত্যেক দল পাবে ৩ পয়েন্ট করে। পুরোপুরি পরিত্যক্ত ম্যাচের ক্ষেত্রেও একই রকম পয়েন্ট বিন্যাস। এছাড়া ব্যাটিং ও বোলিংয়ে ৪টি করে বোনাস পয়েন্ট পাওয়ারও সুযোগ থাকছে। তবে তা দেয়া হবে শুধু প্রথম ইনিংসের বিবেচনায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫৩ঘ.