ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান ইজাজ বাট 'স্পট ফিক্সিং'কে তার দায়িত্ব পালনকালের সবচেয়ে দুঃখজনক ঘটনা হিসেবে অভিহিত করেছেন। তিনি আশা করছেন, বোর্ডের নেয়া বিভিন্ন ব্যবস্থার কারণে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।
'স্পট ফিক্সিং'র অভিযোগে পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার সালমান বাট ও মোহাম্মদ আসিফের বিরুদ্ধে বর্তমানে মামলার শুনানী চলছে লন্ডনের একটি আদালতে। যদিও ঘটনার সঙ্গে জড়িত ছিলেন আরেক ক্রিকেটার মোহাম্মদ আমের ও তাদের এজেন্ট মাজহার মাজিদ। বাট ও আসিফের সঙ্গে এই দু'জনের বিচার করা হচ্ছে না।
গত বছর পাকিস্তান দলের ইংল্যান্ড সফরে একটি (লর্ডস) টেস্টে অর্থের বিনিময়ে নো-বল করেন আসিফ ও আমের। আর এতে নাটের গুরুর ভূমিকা পালন করেন তখনকার টেস্ট অধিনায়ক বাট।
পরে বাট, আসিফ ও আমেরের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ নেয়ার পাশাপাশি প্রতারণার ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়। অপর অভিযুক্ত খেলোয়াড়দের এজেন্ট মাজহার মাজিদের বিরুদ্ধেও আনা হয় একই অভিযোগ।
এরই মধ্যে দোষী সাব্যস্ত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ট্রাইবুন্যাল পাঁচ বছরের মুলতবী নিষেধাজ্ঞাসহ সালমানকে দশ বছর, দু'বছরের মুলতবী নিষেধাজ্ঞাসহ আসিফকে সাত বছর ও আমেরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে।
এই রায়ের বিরুদ্ধে সুইজারল্যান্ডের ক্রীড়া বিষয়ক একটি আদালতে আপিল করেছেন তিন খেলোয়াড়ই।
পাকিস্তানের একটি ওয়েবসাইটে ইজাজ বাট বলেন, "একজন লোক কি করছে, আমি তা নিয়ন্ত্রণ করতে পারবো না। পারবো না তাদের ওপর ২৪ ঘণ্টা নজর রাখতে।"
"স্পট ফিক্সিংয়ের মতো ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য পিসিবি সম্ভাব্য সবকিছু করার চেষ্টা করছে," যোগ করেন ইজাজ বাট। তার মেয়াদ শেষ হয় শনিবার।
ইজাজ বাট বলেন, "কোনটা ঠিক ও কোনটা ভুল, খেলোয়াড়রা যাতে তা বুঝতে পারেন সেজন্য প্রথম শ্রেণী থেকে ক্লাব, ঘরোয়া ক্রিকেটের সর্বস্তরে আমরা শিক্ষা কর্মসূচি চালু করেছি।"
পিসিবি চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্ব উপভোগ করেছেন বলে উল্লেখ করে বলেন, দায়িত্ব নেয়ার সময় যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন তা তিনি পূরণ করতে পেরেছেন বলেও মনে করেন।
একদিনের দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির সঙ্গে বিরোধ প্রসঙ্গে ইজাজ বাট বলেন, যারাই শৃঙ্খলা ভেঙেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থ নিতে তিনি দ্বিধা করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫২৪ ঘ.
bdnews24