ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একমাত্র টি-টোয়েন্টিতে জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে বলেই মনে করেন স্পিনার আব্দুর রাজ্জাক।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দিন-রাতের খেলাটি শুরু হবে দুপুর দেড়টায়।
শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার এক সংবাদ সম্মেলনে রাজ্জাক বলেন, "টি-টোয়েন্টিতে জয় আমাদের মানসিকভাবে এগিয়ে রাখবে। সব জয়ই গুরুত্বপূর্ণ। তবে প্রথম ম্যাচে জয় পুরো সিরিজে আত্মবিশ্বাস যোগায়।"
"ওই জয় পরের ম্যাচগুলোতে অনুপ্রেরণা যোগায়। যদিও এসব নিয়ে খুব বেশি ভেবে কোনো লাভ হবে না। পরের ম্যাচগুলোতে জিততে হলে মাঠে ভালো খেলতে হবে," যোগ করেন তিনি।
উইকেট সম্পর্কে রাজ্জাক বলেন, "যে উইকেটে টি-টোয়েন্টি খেলা হয়েছে তা আমাদের জন্য খুবই ভালো। ওয়ানডে সিরিজেও এমন উইকেট পেলে খুব ভালো হবে। আশা করছি এমন উইকেটেই খেলা হবে।"
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফেরা কাইরন পোলার্ডকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কী না জানতে চাইলে রাজ্জাক বলেন, "না, তার জন্য বা অন্য কারোর জন্য আলাদা কোনো পরিকল্পনা নেই। নিজেদের খেলা নিয়েই বেশি ভাবছি আমরা। তবে 'টেলিভিশন ফুটেজ' দেখে কারো কারো ব্যাপারে পরিকল্পনা হতে পারে। সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি, টিম মিটিংয়ে কথা হতে পারে।"
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানের অলআউট হয়ে যাওয়ার কথা মনে করিয়ে দিতেই তিনি বলেন, "ওই কথা আমরা যত ভুলে যেতে চাই তত মনে করিয়ে দেয়া হয়। এটা মোটেও ঠিক নয়।"
"আমাদের জয়ের কথা সবাই ভুলে যায়। কিন্তু ওই ম্যাচের কথা ঠিকই মনে রেখেছেন," যোগ করেন তিনি।
টি-টোয়েন্টি ম্যাচটি বিশ্লেষণ করতে গিয়ে রাজ্জাক বলেন, "ফিল্ডিং ও বোলিং খুব ভালো হয়েছে। মাঝসারির ব্যাটসম্যানরা দ্রুত বিদায় নিয়ে একটু চাপ তৈরি করলেও পরে তা খুব ভালো ভাবে সামাল দেয়া গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮৪৫ ঘ.
bdnews24