২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সহযোগিতার আশায় বিসিবি সভাপতি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহ-সভাপতি নির্বাচনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ছাড় দেবে বলে আশা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 01:55 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহ-সভাপতি নির্বাচনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ছাড় দেবে বলে আশা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। আইসিসির নির্বাহী কমিটির চলতি বছরের চতুর্থ ও শেষ সভায় অংশ নিয়ে দুবাই থেকে ফিরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টি- টোয়েন্টি ম্যাচ দেখতে এসে এই আশাবাদের কথা জানান তিনি। দুবাইয়ের সভায় সহ-সভাপতি নির্বাচনের প্রার্থী মনোয়নের জন্য বাংলাদেশ ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে আইসিসি। গত জুনে আইসিসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) থেকে ফিরে এ ব্যাপারে কথা বলেছিলেন মুস্তফা কামাল। এবারের সভা থেকে ফিরে তিনি বলেন, "সহ-সভাপতি পদে নির্বাচন করতে হলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমাদের প্রার্থিতার কথা আইসিসিকে জানাতে হবে।" "২০১২ সালের জুনে এই নির্বাচন হবে। আইন অনুযায়ী প্রার্থিতার কথা অন্তত ছয় মাস আগে জানাতে হয়," যোগ করেন বিসিবি সভাপতি। নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন কামাল। তিনি বলেন, "এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে বোর্ডের সভা করেই সিদ্ধান্ত নিতে হবে।" "বিসিবি যে কারোর নাম পাঠাতে পারে। তারা আমাকেও পাঠাতে পারে। তবে তার জন্য বোর্ডের অনুমোদন প্রয়োজন হবে," যোগ করেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বোর্ডগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার জন্য আইসিসি দুই বছর সময় বেধে দিয়েছে। ২০১৩ সালের জুন পর্যন্ত সময় পাচ্ছি আমরা। তার আগে আইসিসির সহ-সভাপতি পদে প্রার্থিতার জন্য কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না।" সহ-সভাপতি নির্বাচনে পর্যায়ক্রমিক পদ্ধতি চালু থাকবে বলে জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, "আগেও বলেছিলাম পর্যায়ক্রমিক পদ্ধতি চালু থাকবে। এবারের সভায় সেই সিদ্ধান্তই নেয়া হয়।' "পাকিস্তানের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা হচ্ছে। এবারের সভার পরও কথা হয়েছে," যোগ করেন তিনি। কামাল আরো বলেন, "এহসান মানি যখন আইসিসির সভাপতি হন তখন আমরা ছাড় দিয়েছিলাম। এবার তারা যেন আমাদের ছাড় দেয় তা নিয়ে কথা চলছে। এ ব্যাপারে পাকিস্তানের সহনশীলতা আশা করছি। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক সব সময়ই ভালো।" নিয়ম অনুযায়ী নির্বাচিত হওয়ার দুই বছর পর সহ-সভাপতি আইসিসির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিসিবি সভাপতির দায়িত্ব পালন ছাড়াও মুস্তফা কামাল এখন আইসিসির নিরীক্ষা কমিটির সভাপতি হিসেবে কাজ করছেন। এছাড়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান সভাপতিও তিনি। এই দায়িত্বে তিনি থাকবেন আগামী জুন পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫০ঘ.