ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করার জন্য ভালো সূচনার ওপরেই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন বাংলাদেশের নতুন অধিনায়ক মুশফিকুর রহিম।
সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এই সিরিজে ভালো করতে হলে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। তারা লড়াই করার মতো সংগ্রহ এনে দিতে পারলে ভালো ফল পাওয়াও সম্ভব।"
"ঘরোয়া সিরিজে আমাদের বোলাররা সব সময় ভালো করেন। স্পিনাররা সাফল্য পেলে আর পেসাররা তাদের সহায়তা দিতে পারলে যে কোনো কিছুই সম্ভব। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে," যোগ করেন তিনি।
গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া সাফল্যের প্রসঙ্গ টেনে মুশফিক বলেন, "নিউজিল্যান্ডও ভালো প্রস্তুতি নিয়ে এসেছিলো। কিন্তু আমরা প্রথম ম্যাচ জেতার পর পরিস্থিতি পাল্টে যায়। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও তেমন কিছু করতে পারলে আমাদের ভালো করার সম্ভাবনাও অনেক বেড়ে যাবে।"
দুটি প্রস্তুতি ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজ সহজ জয় পেয়েছে। তাই তাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকার কথা। আসল লড়াই শুরু হওয়ার আগে সফরকারীরা কি মানসিকভাবে কিছুটা হলেও এগিয়ে থাকছে না? এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, "প্রস্তুতি ম্যাচের ফলাফল দেখে কোনো ভবিষ্যদ্বাণী না করাই ভালো। তাছাড়া ফতুল্লার উইকেটের সঙ্গে মিরপুরের উইকেটের অনেক পার্থক্য।"
"প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সেরা স্পিনারদের কেউ ছিলেন না। কিন্তু এবার আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসানের মতো স্পিনারদের সামলাতে হবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের," যোগ করেন তিনি।
টি-টোয়েন্টি প্রসঙ্গে মুশফিক বলেন, "টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা তেমন অভ্যস্ত নই, এখনো শিখছি। আসলে আমরা টি-টোয়েন্টি খুব একটা খেলার সুযোগ পাই না। ২০০৬ সালের পর দেশের মাটিতে এটাই আমাদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।"
"১০ বছর টেস্ট খেলেও যত দূর যেতে চেয়েছিলাম তত দূর যেতে পারিনি। সে তুলনায় টি-টোয়েন্টি তো খেলারই সুযোগ পাই না। খেলার সুযোগ না পেলে কি করে বুঝবো এই ধরনের ক্রিকেটে ভালো করতে পারবো কিনা," যোগ করেন তিনি।
২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবীয়দের খর্ব শক্তির দলকে টেস্ট-ওয়ানডে দুই সিরিজেই হারিয়েছিলো বাংলাদেশ। তবে ঐ দলের সঙ্গে বর্তমান দলটির শক্তির বিচারে তেমন পার্থক্য নেই বলেই মনে করেন মুশফিক।
পাশাপাশি তার বিশ্বাস বাংলাদেশের এই দলটি সম্ভাব্য সেরা দল। তাই আত্মবিশ্বাসী মুশফিক বলেন, "সব ম্যাচই জেতার জন্য খেলবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০৫ঘ.
bdnews24