ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শক্তির বিচারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশ পিছিয়ে। তবে দেশের মাটিতে মুশফিকুর রহিমদের হারানো কঠিন হবে বলেই মনে করেন বাংলাদেশের কোচ স্টুয়ার্ট ল।
সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "র্যাংকিংয়ে হয়তো আমরা ওদের চেয়ে পিছিয়ে। কিন্তু দেশের মাটিতে খেলা বলে আমাদেরও জয়ের ভালো সম্ভাবনা আছে।"
"ওয়েস্ট ইন্ডিজ দলে বেশ কয়েকজন ভালো মানের ক্রিকেটার আছেন। তাদের হারাতে হলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে আমাদের," যোগ করেন তিনি।
ল বলেন, "আমরা দক্ষতার সঙ্গে মৌলিক কাজগুলো ঠিকভাবে করতে পারলে এখানে (বাংলাদেশে) বিশ্বের যে কোনো দলকেই হারাতে পারবো।"
টি-টোয়েন্টিতে ভালো করার জন্য দলের মনোভাব পাল্টানোর প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, "সাধারণত মনে করা হয় টি-টোয়েন্টি মানেই চার-ছয়ের খেলা। প্রতিটি বলই যত জোরে সম্ভব মারতে হবে। ব্যাপারটা কিন্তু তা নয়। টি-টোয়েন্টিতে এক-দুই করে নিয়েও খেলা যায়।"
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার জন্য বাংলাদেশের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে অনেক বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে বলে মনে করেন ল। এ প্রসঙ্গে বাংলাদেশের কোচ বলেন, "ঘরোয়া ক্রিকেটে আরো টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে। বাইরের দলগুলোর সঙ্গেও বেশি-বেশি ম্যাচ খেলতে হবে। প্রয়োজনে তিন জাতি সিরিজের আয়োজনও করা যেতে পারে।"
"বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে বড় দলগুলোর সঙ্গে খেলতে পারলে সবচেয়ে ভালো হয়," যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯০৬ঘ.
bdnews24