ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২৬ জন তরুণ পেসারকে নিয়ে দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে পেসারদের নিয়ে কাজ করবেন জাতীয় ক্রিকেট একাডেমির দুই কোচ গোলাম ফারুক সুরু ও সালাউদ্দিন জাকি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সুরু বলেন, "প্রতিটি বিভাগ থেকে ৩ জন করে পেসার ক্যাম্পে এসেছেন। তবে রোববার প্রথম দিনের প্রথম সেশনে সবাই আসতে পারেননি। এ পর্যন্ত ১৭ জন এসেছেন। বাকিরা দু-এক দিনের মধ্যে চলে আসবেন।"
১৮ বছরের কম বয়সী পেসাররা নেটে মোহাম্মদ আশরাফুল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের বিপক্ষে বল করেন। তাদের মধ্যে দু-তিনজনকে বেশ প্রতিশ্র"তিশীল মনে হয়েছে সুরুর।
তিনি বলেন, "তারা দুই সপ্তাহ ক্যাম্পে থাকবে। তারপর বাছাই করা কয়েকজনকে নিয়ে পরবর্তী পর্যায়ের কাজ শুরু হবে।"
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবে নেটে উদীয়মান পেসাররা বল করেছেন। এখন থেকে বাংলাদেশের প্রতিটি ঘরোয়া সিরিজে স্বাগতিক ও সফরকারী দলের ব্যাটসম্যানদের বিপক্ষে তরুণ পেসাররা নেটে বল করবেন। বাংলাদেশ কোনো সফরে যাওয়ার আগেও সেই সুযোগ পাবেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৮ঘ.
bdnews24