ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের পেস সহায়ক উইকেটে প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় ব্যবধানে হারলেও মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের স্পিন সহায়ক পিচে বাংলাদেশই এগিয়ে থাকবে বলে মনে করেন অলক কাপালি।
শুক্রবার ম্যাচশেষে তিনি বলেন, "এখানে আমাদের মূল বোলারদের অনেকেই ছিলেন না। অফস্পিনাররা বেশি বল করেছেন। মিরপুরে আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান ও ইলিয়াস সানি থাকবেন। এখানে ওদের আমরা কম রানে আটকাতে পেরেছি। ওখানেও পারবো।"
এই ম্যাচ থেকে অনেক কিছু শেখা হয়েছে বলে মনে করেন অলক। তিনি বলেন, "আমরা প্রতি ম্যাচেই কিছু না কিছু শিখছি। এই ম্যাচ থেকে আমরা বুঝতে পারলাম ওদের মূল শক্তি পেসাররা। এখানে তারা উইকেট থেকে বেশ সহায়তা পেয়েছেন বটে, কিন্তু মিরপুরে তেমন পাবেন না।"
এই ম্যাচে রবি রামপাল, আন্দ্রে রাসেলদের খেলতে বেশ সমস্যাই হয়েছে বিসিবি একাদশের ব্যাটসম্যানদের। পরের ম্যাচে দলে থাকতে পারেন কেমার রোচ। তবু তাদের বিপক্ষে টি-টোয়েন্টি বা একদিনের সিরিজে খেলতে সমস্যা হবে না বলে মনে করেন অলক।
তিনি বলেন, "দেশের মাটিতে সর্বশেষ সিরিজেও আমরা অনেক ভালো মানের পেসারের মুখোমুখি হয়েছিলাম। অস্ট্রেলিয়ার ব্রেট লির বিপক্ষে খেলেছি। আশা করি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো সমস্যা হবে না।"
নিজের খেলা সম্পর্কে তিনি বলেন, "প্রতিটা ম্যাচকে পরীক্ষা হিসেবে নিচ্ছি।"
এই পরীক্ষায় পাস করা প্রসঙ্গে অলক বলেন, "আমি যে শতভাগ ভালো করেছি তা নয়। মোটামুটি ভালো খেলেছি। আরেকটু বড় ইনিংস খেলতে পারলে আর বোলিংয়ে আরো ভাল করতে পারলে খুব খুশি হতাম।"
"ব্যাটিং-বোলিং যেটা করারই সুযোগ পাই না কেন, চেষ্টা করি ভালো করার," যোগ করেন তিনি।
জয় হাতছাড়া হয়ে যাওয়া সম্পর্কে অলক বলেন, "ম্যাচটা আমাদের হাতেই ছিল। শট নির্বাচন ঠিক হলে কিংবা আশরাফুল আরো কিছুক্ষণ খেলতে পারলে হয়তো আমরাই জিততাম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪৮ঘ.
bdnews24