ঢাকা,অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের অসাধারণ অর্জনে অবদান রাখায় কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ও টেস্ট অধিনায়ক অ্যান্ডু স্ট্রাউসকে অর্ডার অব দ্য বৃটিশ এম্পায়ার (ওবিই) সম্মানে ভূষিত করা হয়েছে।
বৃটেনের রাজকুমারী অ্যান মঙ্গলবার তাদের হাতে এই পুরস্কার তুলে দেন।
গত মৌসুমে স্ট্রাউসের নেতৃত্বে ৩-১ ব্যবধানে অ্যাশেজ জিতেছিলো ইংল্যান্ড। ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে এটাই ইংল্যান্ডের প্রথম অ্যাশেজ জয়। স¤প্রতি ঘরের মাঠে ভারতকে চার টেস্ট সিরিজের সবগুলো ম্যাচে হারিয়ে
প্রথমবারের মত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠেছে স্ট্রাউসের দল।
এমন সম্মান পেয়ে ভীষণ গর্বিত স্ট্রাউস। ইংল্যান্ডের 'দ্য টেলিগ্রাফ' পত্রিকাকে তিনি বলেন, "এটা অবশ্যই গর্ব করার মতো একটি বিষয়। আমাদের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জয় নিজেদের মাটিতে জয়ের তুলনায় অনেক বেশি সম্মানের।"
ইংল্যান্ড দল বর্তমানে ভারতে। বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেবেন কোচ ফ্লাওয়ার। ভারতে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড।
এরপর জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০৫ঘ.
bdnews24