ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় খেলায় এসে চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেটে প্রথম জয়ের দেখা পেয়েছে 'বি' গ্র"পের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সোমবার সমারসেটকে ৫১ রানে হারিয়েছে তারা।
এই জয়ের ফলে দুই পয়েন্ট পেলেও এখনো পয়েন্ট তালিকার তলানীতে রয়েছে ব্যাঙ্গালোর। অন্যদিকে ৩ খেলায় ৩ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে নেমে এসেছে সমারসেট।
৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ওয়ারিয়র্স। ৪ খেলায় ৪ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।
ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সমারসেট।
ব্যাট করতে নেমে ক্রিস গেইলের অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ২০৬ রান করে ব্যাঙ্গালোর। জবাবে পিটার ট্রেগোর অর্ধশতকের পরও ৬ উইকেটে ১৫৫ রানে থামে সমারসেট।
লক্ষ্য তাড়া করতে নেমে দলকে ভালো সূচনা এনে দেন ট্রেগো ও ক্রেগ কিসওয়েটার। কিন্তু দলীয় ৪২ রানে কিসওয়েটার (২৬) ও ৪৮ রানে ভ্যান ডার মারউই (৬) বিদায় নিলে চাপে পড়ে সমারসেট।
তৃতীয় উইকেটে জেমস হিলড্রেথকে সঙ্গে নিয়ে ৬১ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান ট্রেগো। প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানে নেয়ার মুহূর্তে হিলড্রেথ (১৫) ও জস বাটলার (৪) বিদায় নিলে বিপদে পড়ে ইংল্যান্ডের দলটি।
তখনো আশা হয়ে টিকে ছিলেন ট্রেগো (৫৮)। কিন্তু ১৭তম ওভারের প্রথম বলে রাজু ভাটকাল তাকে ফিরিয়ে দিলে সমারসেটের বড় পরাজয় নিশ্চিত হয়ে যায়। তিনি তার ৩৮ বলের ইনিংসটি সাজান ৬টি চার ও ৩টি ছয় দিয়ে। এর মধ্যে গেইলের এক ওভার থেকেই তুলে নেন ২৪ রান।
অধিনায়ক আলফানসো থমাস ১৫ ও নিক কম্পটন ১৭ রানে অপরাজিত থাকেন।
ব্যাঙ্গালোরের পক্ষে শ্রীনাথ অরবিন্দ ও অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ২ করে উইকেট নেন। এ জন্য অরবিন্দ দেন ২৩ রান। ভেট্টোরি ২৫।
এর আগে গেইল ও তিলকারতেœ দিলশান ব্যাঙ্গালোরকে উড়ন্ত সূচনা এনে দেন। তবে দলীয় ৩৮ রানে দিলশান (২৩) বিদায় নিলেও রান তোলার গতি কমেনি।
দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ৭০ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত গড়ে দেন গেইল। শুরু করলেও নিজের ইনিংসকে তেমন বড় করতে পারেন নি কোহলি (৩৩)। দলের ১০৮ রানে তার বিদায়ের পরও রান তোলার গতি কমাতে পারেনি সমারসেটের বোলাররা।
তৃতীয় উইকেটে গেইল ও সৌরভ তিওয়ারী (১৮) যোগ করেন আরো ৪৯ রান। চতুর্থ উইকেটে মায়াঙ্ক আগারওয়ালের (১৯) সঙ্গে ছোট কিন্তু ৩১ রানের বিস্ফোরক একটি জুটি গড়েন গেইল।
শেষ পর্যন্ত দলীয় ১৮৮ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে করেন ৮৬ রান। তিনি তার ৪৬ বলের ইনিংসটি সাজান ৪টি চার ও ৮টি ছয় দিয়ে। অবশ্য ৬ রানের সময় বাটলারের হাতে জীবন পান তিনি।
রাজু ৪ ও অরুণ কার্তিক ১৩ রানে অপরাজিত থাকেন।
সমারসেটের পক্ষে স্টিভ কিরবি ও থমাস দুটি করে উইকেট নেন। এ জন্য কিরবি দেন ২৩ রান। থমাস ৩৩।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৪ ঘ.
bdnews24