ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার প্রথম টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ সবুজ দলের কাছে ৯ উইকেটের হারকে বড় করে দেখছেন না বাংলাদেশ লাল দলের অধিনায়ক মুশফিকুর রহিম। অন্যদিকে সহজ জয় পেলেও আত্মপ্রসাদে ভুগছেন না সবুজ দলের অধিনায়ক শাহরিয়ার নাফীস।
ম্যাচ শেষে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিক বলেন, "প্রস্তুতি ম্যাচে এমন হতেই পারে। আরো একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। আশা করি সেই ম্যাচে আমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারবো।"
টস জিতে ব্যাট করতে নেমে ১১৯ রানের বেশি করতে পারেনি লাল দল। তবু পিচ ব্যাটিং সহায়ক ছিলো বলেই মনে করেন মুশফিক। তার ধারণা শুরুতে বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলার ধাক্কা দল সামলে উঠতে পারেনি।
হতাশ মুশফিকের ঠিক বিপরীত চেহারা নাফীসের। সোমবার সকালেও এই ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিলো। শেষ পর্যন্ত নাফীস খেলেছেন তো বটেই, দারুণ ব্যাটিং করে দলকে সহজ জয়ও এনে দিয়েছেন।
বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি জয়ী অধিনায়ক অবশ্য মনে করেন, সোমবারের প্রস্তুতি ম্যাচে বিধ্বস্ত হলেও ঠিকই ঘুরে দাঁড়াবে জাতীয় দল। শুরুতে প্রতিপক্ষের একাধিক ব্যাটসম্যান তড়িঘড়ি সাজঘরে ফিরে না গেলে খেলার ফলাফল অন্যরকম হতে পারতো বলেই তার ধারণা।
তবে ব্যাটিং সহায়ক পিচে লাল দলকে ১১৯ রানে বেধে ফেলায় নিজের দলের বোলারদের প্রশংসা করতেও নাফীস ভোলেননি।
তিনি বলেন, "দু-একটা ওভার ছাড়া আমরা ভালোই বল করেছি। শাহাদাত ভালো বল করেছেন। ফিরে এসে রবিউল ইসলামও ভালো করেছেন। সব মিলিয়ে এটা বোলারদের কৃতিত্ব।"
একাডেমি দলের খেলোয়াড় মুমিনুল হক ছিলেন লাল দলে। জ্বরের কারণে মোহাম্মদ আশরাফুল ও পারিবারিক কারণে জুনায়েদ সিদ্দিক না খেলায় সবুজ দলের হয়ে খেলেন তিনি। দ্বিতীয় উইকেটে নাফীসের সঙ্গে ৭৬ রানের অবিচ্ছন্ন জুটি গড়ে দলের জয়ে মুমিনুলও বড় অবদান রাখেন।
অধিনায়কের প্রশংসা পেয়েছেন তিনিও। নাফীস বলেন, "গত এক বছর ধরে মুমিনুল বেশ ভালো খেলছেন। এমন ক্রিকেটাররা উঠে এলে আমাদের এগিয়ে যেতে সমস্যা হওয়ার কথা নয়।"
প্রথম টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে দলের সহজ জয়ে অবদান রাখার পর নাফীসের দৃষ্টি এখন একদিনের সিরিজে। সেই সঙ্গে টেস্টের দিকেও তাকিয়ে আছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩০৬ঘ.
bdnews24