ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রিজবেনে সিরিজের পঞ্চম একদিনের খেলায় ইংল্যান্ডকে ৫১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ফলে দুই ম্যাচ বাকি থাকতেই ৪-১ এ সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিকরা।
দিন-রাতের খেলায় প্রথমে ব্যাট করে ২৪৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। খেলেছে ৪৯ ওভার ৩ বল। জবাবে ৪৫ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে ১৯৮ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড।
২৫০ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা।
এ অবস্থায় কেভিন পিটারসেন হাল ধরে খেলতে থাকেন। সঙ্গী ইয়ান বেল। তারা ৭৩ রানের জুটি গড়ে তোলেন। ৪০ রান করে জন হ্যাস্টিংসের বলে ব্রেট লির হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন পিটারসেন। দলীয় সংগ্রহে আর ৮ রান যোগ হতে বেলও তাকে অনুসরণ করেন। যদিও তার আগেই ফিরে যান ইয়ন মর্গান (২)। এরপর আর কেউই তেমন সুবিধা করতে পারেনি। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডকে।
অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ৩ উইকেট নেন ২৫ রানে। এছাড়া ২টি করে উইকেট নেন ব্রেট লি, ডোগ বোলিঞ্জার ও জন হ্যাস্টিংস।
এরআগে ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। বড় কোনো জুটি গড়ে তুলতে পারেনি তারা। তবে প্রথম নয়জন ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটা পার হন। ফলে লড়াই করার মত পুঁজি পেয়ে যায় অস্ট্রেলিয়া।
দলীয় সর্বোচ্চ ৫৪ রান করেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। এছাড়া ব্রড হ্যাডিন ৩৭ ও ডেভিড হাসি ৩৪ রান করেন।
ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওয়াকস ৬ উইকেট নেন ৪৫ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৫৮ ঘ.
bdnews24