ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ডান হাঁটুতে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন তার অস্ট্রেলীয় চিকিৎসক ডেভিড ইয়াং।
তিনি আশা দিয়েছেন, ঠিকমতো চিকিৎসা চালিয়ে গেলে অস্ত্রোপচারের পর আরো অন্তত পাঁচ বছর স্বাভাবিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যেতে পারবেন 'নড়াইল এক্সপ্রেস'।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াং রোববার কলম্বোতে মাশারাফির হাঁটু পরীক্ষা করেন।
হাঁটুতে চোটের কারণে এরই মধ্যে বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়েছেন এই পেসার।
গত বছরের ২১ নভেম্বর ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে ব্যাটিংয়ের সময় হাঁটুতে চোট পান মাশরাফি।
ড. ডেভিড ইয়াং পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, এই পেসারের হাঁটুর পেশীতে স্থিতিহীনতা স্পষ্ট। সমস্যা রয়েছে হাড়ের জোড়াতেও । এ অবস্থায় খেরতে নামলে আপাতত হয়তো বড় কোনো সমস্যা হবে না, কিন্তু দীর্ঘমেয়াদে ভুগতে হবে মাশরাফিকে।
ইয়াং পরামর্শ দিয়েছেন, ফিটনেস ঠিক রাখার স্বার্থে মাশরাফি আপাতত যেভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন- তা চলুক। তবে বিশ্বকাপ শেষ হলেই হাঁটুর অস্ত্রোপচার সেরে ফেলা উচিত হবে তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/২০৫২ ঘ.
bdnews24