ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার পর অন্য ক্রিকেটাররা যখন ছুটিতে তখন ফিজিও মাইক হেনরির সঙ্গে নিরলস পরিশ্রম করছেন দেশ সেরা দুই পেসার মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেন।
১৫ সদস্যের চূড়ান্ত দলে জায়গা না হলেও মাশরাফির বিশ্বকাপ খেলার ছোট্ট একটা সম্ভাবনা এখনো আছে। সেটা কাজে লাগাতেই ফিটনেস ফিরে পেতে লড়ছেন তিনি।
রুবেল ১৫ সদস্যের দলে জায়গা পেলেও ছুটিতে বাড়ি যাননি। ছোট্ট একটু চোট আছে, সেটা কাটাতে ছুটিতেও অনুশীলন করছেন তিনি। বাড়তি হিসেবে সঙ্গ দিচ্ছেন নিজের বোলিং 'আদর্শ' মাশরাফিকে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসেন দুই তারকা। ১০টা থেকে একাডেমি মাঠে শুরু করেন অনুশীলন। দেড় ঘণ্টা পর ১১টার দিকে শেষ হয় তাদের অনুশীলন। পুরো সময়ে মাশরাফিকে উৎসাহ দিয়ে যান আশেপাশে ভিড় করে থাকা শ' পাঁচেক দর্শক।
১২টার দিকে মাশরাফি-রুবেল যান জিমে। মিনিট ত্রিশেক পর মাশরাফি চলে গেলেও রুবেল ছিলেন আরো কিছুক্ষণ।
স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার সময় মাশরাফি পড়েন ভক্তদের সামনে। সকাল ১১টা থেকে তারা স্টেডিয়ামপাড়ায় মাশরাফিকে দলে নেওয়ার দাবিতে মিছিল করছিলেন।
মাশরাফি বেরিয়ে এলেই তারা ছুটে যান প্রিয় তারকার কাছে। মাশরাফিও দ্রুত মাঠে ফেরার প্রতিশ্র"তি দিয়ে ভক্তদের শান্ত করেন।
বাংলাদেশ দলের ফিজিও মাইক হেনরি মাশরাফির চোট সম্পর্কে সাংবাদিকদের বলেন, অবস্থার খুব একটা হেরফের হয়নি। ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
"ফেব্র"য়ারির প্রথম সপ্তাহে পুরো রানআপ নিয়ে মাশরাফি বল করতে পারবে বলে আশা করছি। তবে পূর্ণ গতি ফিরে পেতে আরো সময় লাগবে", বলেন তিনি।
মাশরাফি মাঠে ফিরতে লড়ছেন মনের জোরে। উন্নত চিকিৎসার জন্য তাকে শ্রীলঙ্কায় পাঠাতে পারে বলে শোনা যাচ্ছে। কবে যাচ্ছেন শ্রীলঙ্কায়- জানতে চাওয়া হলে সাবেক অধিনায়ক বলেন, "এখনো বোর্ডের কেউ ব্যাপারটি জানায়নি।"
মাঠে ফিরতে দেশবাসীর দোয়া চেয়েছেন মাশরাফি।
মাশরাফির একটু উন্নতি হয়েছে বলে মনে করছেন রুবেল। "আজ তো অনেক জোরেই দৌড়ালেন, অবস্থার একটু উন্নতি হয়েছে". বলেন তিনি।
রুবেল জানালেন, চোট কাটাতেই ছুটিতে নিজের বাড়ি বাগেরহাট না গিয়ে মাইকের সঙ্গে কাজ করছেন তিনি। আশাবাদী বিশ্বকাপের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমআই/১৪৪০ ঘ.
bdnews24