২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের লক্ষ্য ২৭৪, নিউজিল্যান্ডের ১০ উইকেট

পাকিস্তানকে দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে জেতার জন্য ২৭৪ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে নিউজিল্যান্ড। আর জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ১০ উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 07:06 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, ১৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানকে দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে জেতার জন্য ২৭৪ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে নিউজিল্যান্ড। আর জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ১০ উইকেট। ওয়েলিংটনের ব্যাসিন রিজার্ভে চতুর্থ দিন মঙ্গলবার দ্বিতীয় পালায় নিউজিল্যান্ড করে ২৯৩ রান। এর আগে নিউজিল্যান্ডের প্রথম পালার ৩৫৬ রানের জবাবে পাকিস্তান ৩৭৬ করলে এগিয়ে যায় ২০ রানে। আগের দিনের বিনা উইকেটে ৯ রান নিয়ে দিনের খেলা শুরু করেন নিউজিল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গুপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম। ১২০ রানের জুটি গড়ে বড় স্কোরের পথে এগিয়ে যাওয়ার জন্য চমৎকার একটা ভিত্তি গড়ে দেন তারা। কিন্তু তা কাজে লাগাতে পারেননি পরের দিকের ব্যাটসম্যানরা। রস টেইলর ছাড়া অন্য ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে উইকেটে এসেছেন। আর সাজঘরের পথ ধরেছেন। শেষ ৫ উইকেটে আসে মাত্র ২৫ রান। দলীয় ১২০ রানের মাথায় ম্যাককালাম ৬৪ রান করে আব্দুর রেহমানের বলে তানভীর আহমেদের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে যান। তার ১১১ বলের ইনিংসে চার রয়েছে ৬টি ও ছক্কা একটি। ১৬৬ রানের মাথায় রেহমানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে গুপটিল করেন ৭৩। তিনি তার ১৭৮ বলের ইনিংসটি সাজান ৯টি চার ও একটি ছক্কা দিয়ে। উমর গুলের বলে ৫২ রান করে এলবিডব্লিউ হয়ে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরেন রস টেলর। ১০১ বল খেলে তিনি চার মেরেছেন চারটি ও ছক্কা একটি। উমর ৪ উইকেট নেন ৬১ রানে। ১১৯ রান দিয়ে ৩ উইকেট নেন রেহমান। মোহাম্মদ হাফিজ নেন ২ উইকেট। বিনিময়ে রান দেন ৩১। প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৬৩৩ ঘ.