ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় একদিনের খেলায় দক্ষিণ আফ্রিকাকে ১ রানে হারিয়েছে ভারত।
জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শনিবার দিন-রাতের খেলায় টস জিতে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ২ বলে ১৯০ রানে গুটিয়ে যায় সফরকারী ভারতের পালা। ১৯১ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪৩ ওভারে ১৮৯ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার পালা।
ভারতের পক্ষে সবচেয়ে বেশি ৫৩ রান করেন যুবরাজ সিং। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি করেন ৩৮। এছাড়া উল্লেখ করার মতো রান আর কেউ করতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে লনওয়াবো সটসোবে ৪ উইকেট নেন ২২ রানে। এছাড়া ২টি করে উইকেট নেন মর্নে মরকেল ও ডেল স্টেইন। এজন্য মরকেল দেন ৩২ রান। স্টেইন ৩৫।
রান তাড়া করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে অধিনায়ক গ্রায়েম স্মিথ করেন ৭৭। তার ৯৮ বলের ইনিংসে চার রয়েছে ৮টি। ২৭ রান করেন ডেভিড মিলার। কলিন ইনগ্রাম করেন ২৫। এছাড়া অন্য ব্যাটসম্যানদের কেউ কোনো সুবিধা করতে পারেননি।
ভারতের বোলারদের মধ্যে মুনাফ প্যাটেল ৪ উইকেট নেন ২৯ রানে। এছাড়া ২৭ রানে ২ উইকেট নেন জহির খান।
সেরা খেলোয়াড় হয়েছেন প্যাটেল।
প্রথম খেলায় হেরে পিছিয়ে পড়লেও দ্বিতীয় খেলায় জিতে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে সমতা ফেরালো ভারত।
তৃতীয় খেলা হবে ১৮ জানুয়ারি ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯০৭ ঘ.
bdnews24