ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় টোয়েন্টি-টোয়েন্টি খেলায় ইংল্যান্ডকে ৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৪৭ রান। জয়ের জন্য ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৪৩ রান করতেই থেমে যায় ইংল্যান্ডের পালা।
অস্ট্রেলিয়ার পক্ষে সব চেয়ে বেশি ৫৩ রানের হার না মানা ইনিংস খেলেন আরোন ফিঞ্চ। ডেভিড ওয়ার্নার ৩০ ও টিম পেইন করেন ২১।
গ্রায়েম সোয়ান ও মাইকেল ইয়ার্ডি ২টি করে উইকেট নেন। এজন্য দু'জনই দেন ১৯ রান করে।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করে মিচেল জনসনের বলে বোল্ড হন ইয়ান বেল। স্টিভ ডেভিস করেন ২৯। এছাড়া অন্য কোনো ব্যাটসম্যান ২০-এর ঘরে পৌঁছাতে পারেননি।
মিচেল জনসন ৩ উইকেট নেন ২৯ রানে। দু'টি উইকেট নেন শেন ওয়াটসন। তিনি রান দেন ১৭।
এই খেলায় জিতে অস্ট্রেলিয়া ১-১ সমতা ফেরালো দু'ম্যাচের টোয়েন্টি-টোয়েন্টি সিরিজে। অ্যাডিলেডে প্রথম ম্যাচে এক উইকেটে জেতে ইংল্যান্ড।
ম্যাচ সেরা হন আরোন ফিঞ্চ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৫৭ ঘ.
bdnews24