ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লনওয়াবো সোতসোবের দুর্দান্ত বোলিংয়ে প্রথম একদিনের ম্যাচে ভারতকে ১৩৫ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
ডারবানে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ২৮৯ রান। জবাবে জয়ের জন্য ২৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫ ওভার ৪ বল খেলে ১৫৪ রানেই গুটিয়ে যায় ভারত।
ব্যাটিং'র শুরুর দিকে দলীয় ২১ রানের মাথায় আশিষ নেহরার বলে রোহিত শর্মার হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে যান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। ৮২ রানেই চলে তিন উইকেট।
চতুর্থ উইকেট জুটিতে এবি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনি ১৩১ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত গড়ে দেন। ভিলিয়ার্স ৭৬ রান তোলে শর্মার বলে হরভজন সিং'র হাতে ক্যাচ তুলে দেন। ৬৯ বলের ইনিংসে তিনি দড়ির ওপারে বল পাঠান সাতবার এবং হাওয়ায় ভাসিয়ে একবার।
ডুমিনি ৮৯ বল খরচায় এক চার ও এক ছক্কায় ৭৩ রান করে শর্মার বলে এলবিডব্লিউ'র শিকার হন।
দু'টি করে উইকেট শিকার করেন রোহিত শর্মা (৩০ রান), মুনাফ প্যাটেল (৩৬ রান) ও জহির খান (৪৪ রান)। একটি করে উইকেট নেন সুরেশ রায়না, হরভজন সিং ও আশিষ নেহরা।
ভারতের শুরুটা মোটেই ভালো হয়নি। দলীয় ৩ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় ডেল স্টেইনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। ৪৩ রান তুলতেই সফরকারীরা হারিয়ে ফেলে ৪ উইকেট।
বিরাট কোহলি ভারতের পক্ষে সর্বোচ্চ ৫৪ করেন। সুরেশ রায়না ৩২ এবং মহেন্দ্র সিং ধোনি করেন ২৫ রান। অন্য কোনো ব্যাটসম্যান বিশের অঙ্কে পৌঁছতে পারেননি।
সোতসোবে ৩১ রান দিয়ে নেন ৪ উইকেট। দু'টি করে উইকেট নেন স্টেইন ও মর্নে মর্কেল।
ম্যাচসেরা হন দক্ষিণ আফ্রিকার লনওয়াবো তোতসোবে।
পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ১-০ তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় ম্যাচটি হবে ১৫ জানুয়ারি জোহানেসবার্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৮১২ ঘ.
bdnews24