ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা করছেন শ্রীলঙ্কার খেলোয়াড় চামিন্দা ভাস।
ভাস ২০০৯ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। এছাড়া গত আড়াই বছর তিনি সীমিত ওভারের কোনো আন্তর্জাতিক ম্যাচও খেলেননি।
যদিও বরাবরই ভাস বলেছেন, ২০১১ সালের বিশ্বকাপ খেলাই তার লক্ষ্য। শ্রীলঙ্কার ৩০ সদস্যের দলে তার জায়গাও হয়েছিল। পরে চূড়ান্ত দল থেকে বাদ পড়েন তিনি।
বিবিসিকে ভাস বলেন, " আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার মত ভালো আমি খেলতে পারিনি। "
তিনি আরো বলেন, " সবকিছু এখনো চূড়ান্ত হয়নি। আমি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। বিশ্বকাপের পরই হয়তো একটি সিদ্ধান্তে আসবো।"
৩০ সদস্যের দলে সানাত জয়সুরিয়ার নামও ছিলো। পরে চূড়ান্ত দল থেকে তাকেও বাদ দেয়া হয়। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছিলেন ভাস ও জয়সুরিয়া।
শ্রীলঙ্কার হয়ে ৪০০টি একদিনের ও ৩৫৫টি টেস্ট উইকেট নিয়েছেন ভাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৫০ ঘ.
bdnews24