ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থ আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট।
পাঞ্জাবের কোচ আরেক সাবেক অজি ক্রিকেটার মাইকেল বেভান এ কথা নিশ্চিত করে বলেন, "আমরা আসলে অধিনায়ক করার জন্যই তাকে দলে নিয়েছি।"
নিলামের প্রথম দিনই ৯ লাখ ডলার দিয়ে তাকে কিনে নেয় বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার দল পাঞ্জাব।
আইপিএল'র দ্বিতীয় আসরে ডেকান চার্জার্সের হয়ে খেলেন গিলক্রিস্ট। তার নেতৃত্বেই সেবার আইপিএল'র শিরোপা জেতে ডেকান।
এবার নিলামে কিংস ইলেভেন পাঞ্জাব দলে টেনেছে অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া), শন মার্শ (অস্ট্রেলিয়া), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড), ডেভিড হাসি (অস্ট্রেলিয়া), দিনেশ কার্তিক (ভারত), অভিষেক নায়ার (ভারত), প্রভিন কুমার (ভারত), রায়ান হ্যারিস (অস্ট্রেলিয়া), পিযুষ চাওলা (ভারত), দিমিত্রি মাসক্যারেনহাস (ইংল্যান্ড) ও নাথান রিমিংটনকে (অস্ট্রেলিয়া)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯১৮ ঘ.
bdnews24