ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার ওভালে তৃতীয় একদিনের খেলায় ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের বহু কাঙ্ক্ষিত জয়ের মধ্যেও পাওয়া গেল ম্যাচ গড়াপেটার গন্ধ। আর সেটা এমনই যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওভাল ম্যাচ নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে।
ওভালে পাকিস্তান ২৩ রানে হারায় ইংল্যান্ডকে। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৪৯ ওভার ৪ বলে ২৪১ রানে অলআউট হয়ে যায়। জবাবে ইংল্যান্ড ২১৮ রানে সবকটি উইকেট হারায় ৪৫ ওভার ৪ বলে।
পাকিস্তানের এমন নাটকীয় জয়ের পর হঠাৎ করেই আইসিসি জানায়, তারা ওভাল ম্যাচ নিয়ে তদন্ত করবে। কারণ তাদের হাতে খেলার পরিস্থিতি এবং গতি-প্রকৃতি নিয়ে বেশ কিছু আগাম তথ্য এসেছিল। আর সেগুলো পুরোপুরি মিলে গেছে ম্যাচের প্রতিটি বাঁকে। কাজেই তারা ঘটনার পুর্ণ তদন্ত করবে।
আইসিসিকে এ সম্পর্কে আগাম তথ্য দেয় লন্ডনের 'দ্য সান' পত্রিকা। খেলায় কখন কি হবে তার একটা ছকই আইসিসি'র হাতে তুলে দেয় পত্রিকাটি।
'দ্য সান' জানায় তাদের কাছে তথ্যগুলো দিয়েছে দুবাই থেকে জনৈক ব্যক্তি এবং দিল্লি থেকে একজন জুয়ারি। তবে আইসিসি বলেছে, এখনই ম্যাচটিকে পাতানো বলবে না তারা।
আইসিসি'র প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছেন, ''একটি সূত্র দ্য সান পত্রিকাটিকে ওভাল ম্যাচের ছক নিয়ে বেশ কিছু আগাম তথ্য জানায়। সেগুলো বিস্ময়করভাবে খাপে খাপে মিলে গেছে। এটাই রহস্যজনক। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ম্যাচটি নিয়ে তদন্ত করব।''
পাকিস্তানের তরফ থেকে এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য থেকে বিরত থাকে। কেবল একজন কর্মকর্তা বলেছেন এ ব্যাপারে মুখ খুললে তা হবে খবরটিকে বিশ^াসযোগ্য করে তোলা। মন্তব্য করতে রাজি হননি টিম ম্যানেজার ইয়াওয়ার সাঈদও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/১৭২৯ ঘ.
bdnews24