ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই ব্যাটসম্যানের শতকে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথমদিনটি নিজের করে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। দিন শেষে রান তুলেছে ৩১২, দুই উইকেটে।
শতক হাঁকান উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গা পরানাভিতানা (১০০)। আর ১৩০ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। অপর প্রান্তে ১৩ রান নিয়ে ব্যাট করছেন মাহেলা জয়াবর্ধনে। এ নিয়ে টানা দুই টেস্টে শতক হাঁকালেন পরানাভিতানা ও সাঙ্গাকারা, দু'জনই।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাটিং সহায়ক উইকেটে শুরু থেকেই ভালো খেলতে থাকেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান পরানাভিতানা ও তিলকরত্নে দিলশান। পরানাভিতানা কিছুটা ধরে খেললেও মেরে খেলে যেতে থাকেন দিলশান, অনেকটা একদিনের খেলার মতো। দলীয় ৯৯ রানের মাথায় প্রজ্ঞান ওঝার বলে ভিভিএস লক্ষ্মণের হাতে ধরা পড়ার আগে রান করেন ৫৪। তিনি তার ৪২ বলের ইনিংসে দড়ির ওপারে বল পাঠিয়েছেন ১০ বার।
তবে খেলে যেতে থাকেন পরানাভিতানা ও অধিনায়ক কুমার সাঙ্গাকারা। দলের রানের সঙ্গে যোগ করেন তারা ১৭৪। ২৭৩ রানের মাথায় ইশান্ত শর্মার বলে সরাসরি বোল্ড হন পরানাভিতানা। তিনি তার টেস্ট-জীবনের দ্বিতীয় শতকে পৌঁছান ২১৭ বলে, ১০ টি চার ও একটি ছক্কার সাহায্যে। এরপর চার বল খেললেও কোনো রান করতে পারেননি তিনি।
এর পরপরই সাঙ্গাকারা টেস্ট-জীবনের ২৩তম শতকে পৌঁছান ১৬৮ বলে, ১২ টি চারের সাহায্যে। তার হার না মানা ১৩০ রানের ইনিংসে চার রয়েছে ১৫ টি। খেলেছেন ২২৫ বল।
এদিকে ভারতীয় বোলারদের জন্য দিন ছিল রীতিমতো হতাশার। ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মোট ছয় বোলার ব্যবহার করেন। সফলতার মুখ দেখেছেন কেবল ঈশান্ত শর্মা ও ওঝা। দু'জনই উইকেট নেন একটি করে। এজন্য শর্মার খরচ হয় ৬৬ রান। ওঝা দেন ৫৯।
শচীন টেন্ডুলকারের এটি ১৬৮ তম টেস্ট। এর মধ্য দিয়ে তিনি ছুঁয়ে ফেললেন স্টিভ ওয়াহকে। সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক।
তিন টেস্টের সিরিজে শ্রীলঙ্কা ১-০ তে এগিয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/টিআর/১৮০৬ ঘ.
bdnews24