ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গল টেস্টে ফলোঅনে পড়েছে ভারত। সফরকারীরা বুধবার টেস্টের চতুর্থ দিনে প্রথম ইনিংসে মাত্র ২৭৬ রানে অলআউট হয়ে গেছে। এর আগে শ্রীলঙ্কা ৮ উইকেটে ৫২০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল।
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত চতুর্থ দিনের চা বিরতি পর্যন্ত ২ উইকেট হারিয়ে তুলেছে ৬৮ রান। শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেকে এখনো ১৭৬ রান দুরে আছে তারা।
উইকেটে রয়েছেন রাহুল দ্রাবিড় ১২ রানে ও শচীন টেন্ডুলকার ২১ রান নিয়ে।
খেলোয়াড়ি জীবনের শেষ টেস্ট খেলতে নামা স্পিনার মুত্তিয়া মুরালিধরনের স্পিন যাদুতেই বুধবার শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। এই স্পিনার নেন ৫ উইকেট, ৬৩ রান খরচায়। আর মাত্র ৩ উইকেট পেলেই টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে আটশ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি।
প্রথম ইনিংসে ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান বিরেন্দ্রর শেবাগ খেলেছেন ১০৯ রানের এক দ্বায়িত্বশীল ইনিংস। যুবরাজ সিং ৫২ করলেও ফলোঅন এড়াতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৫৩০ ঘ.
bdnews24