লন্ডন, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডস টেস্ট জিততে হলে রেকর্ড ৪৪০ রান তাড়া করতে হবে পাকিস্তানকে।
টেস্টে চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি ৪১৮ রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের, ২০০৩ সালে অ্যান্টিগায়।
ম্যাচের তৃতীয়দিন বৃহস্পতিবার চা-বিরতির ঠিক আগে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে করে ৩৩৪ রান। ফলে তারা এগিয়ে যায় ৪৩৯ রানে।
অস্ট্রেলিয়ার পক্ষে দ্বিতীয় ইনিংসেও দলের পক্ষে সবচেয়ে বেশি ৮৩ রান করেন সাইমন ক্যাটিচ। তবে ২০৮ রানে অস্ট্রেলিয়া অষ্টম উইকেট হারানোর পর টিম পেইনের ৪৭ এবং বেন হিলফেনহসের অপরাজিত ৫৬ রানের সুবাদে তারা তাদের ইনিংসকে টেনে নিয়ে যায় ৩৩৪ রানে।
দানিশ কানেরিয়া ৪ উইকেট নেন ৬১ রানে। ৭৭ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ আসিফ।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ২৫৩ রানের জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ১৪৮ রান করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১২৯ ঘ.
bdnews24