ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের কাছেও ৭ উইকেটে হার মানতে হলো বাংলাদেশকে। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে উইলিয়াম পোর্টারফিল্ডের শতকের (১০৮) সুবাদে জয়ের লক্ষ্য ২৩৫ রানে পৌঁছে যায় আয়ারল্যান্ড, ৪৫ ওভারে। ফলে ম্লান হয়ে যায় জুনায়েদ সিদ্দিকীর একদিনের ক্রিকেট জীবনের প্রথম শতক (১০০)।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৪ রান করে।
বেলফাস্টে জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান পোর্টারফিল্ডের শতকের সুবাদে একবারো বিপদে পড়তে হয়নি আয়ারল্যান্ডকে। অত্যন্ত সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। পোর্টারফিল্ড তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট জীবনের পঞ্চম শতকে পৌঁছান ১১৬ বলে, সাতটি চার ও তিনটি ছক্কার সাহায্যে।
এছাড়া পিআর স্টারলিং ৫৭ বলে ৫২ রান করেন। তিনি তার ইনিংটি সাজান সাতটি চার দিয়ে। অ্যালেক্স কুসাক ৪৫ ও কেভিন ও'ব্রায়ান ৮ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, সৈয়দ রাসেল ও আব্দুর রাজ্জাক।
এরআগে আয়ারল্যান্ড টস জিতে ব্যাট করতে পাঠায় বাংলাদেশকে। জুনায়েদ সিদ্দিকীর শতকের (১০০) সুবাদে ২৩৪ রান করে ৯ উইকেটে। জুনায়েদ তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম শতকে পৌঁছান, ১২১ বলে ৯টি চারের সাহায্যে।
এছাড়া সাকিব আল হাসান করেন ৫০। আর যাওয়া-আসা করেছেন অন্য ব্যাটসম্যানরা। সাকিবের ৭৮ বলের ইনিংসে ছিল তিনটি চার।
২৮ রানের মধ্যে তামিম, ইমরুল কায়েস এবং জহুরুল ইসলাম বিদায় নিলে পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে সাকিব এবং জুনায়েদ ১০৭ রান করে পথে ফিরিয়ে আনেন বাংলাদেশকে। কিন্তু শেষ দিকের ব্যাটসম্যানরা রান না পাওয়া লড়াই করার মতো পূঁজি পায়নি সফরকারীরা।
আয়ারল্যান্ডের বয়েড র্যাংকিং ৩ উইকেট নেন, ৪৩ রানে। এছাড়া দুটি করে উইকেট নেন জন্সটন এবং স্টারলিং।
শুক্রবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দু'দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এমএইচ/২৩০৫ ঘ.
bdnews24