২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তি থেকে বাদ জয়াসুরিয়া

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সর্বশেষ তালিকা হতে বাদ পড়লেন অভিজ্ঞ ব্যাটসম্যান সনাৎ জয়াসুরিয়া। তবে ২০ জনের তালিকায় রয়েছেন বর্ষীয়ান অফ-স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 02:39 PM

Updated : 25 Aug 2022, 01:53 PM

কলম্বো, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সর্বশেষ তালিকা হতে বাদ পড়লেন অভিজ্ঞ ব্যাটসম্যান সনাৎ জয়াসুরিয়া। তবে ২০ জনের তালিকায় রয়েছেন বর্ষীয়ান অফ-স্পিনার মুত্তিয়া মুরালিধরন। বুধবার সে দেশের ক্রিকেট বোর্ড চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নাম প্রকাশ করে। গলে ২২ জুলাই শুরু হবে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। সে ম্যাচে খেলেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন মুরালিধরন। তারপরেও তাকে রাখা হয়েছে চুক্তিতে। ওদিকে ৪১ বছর বয়সী জয়াসুরিয়াকে তার ফর্মহীনতার কারণেই চুক্তিতে রাখা হয়নি বলে জানিয়েছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অরবিন্দ ডি সিলভা। শ্রীলঙ্কার হয়ে ১১০টি টেস্ট এবং ৪৪৪টি ওয়ানডে খেলেছেন জয়াসুরিয়া। গত টি-টুয়েন্টি বিশ্বকাপে ছয় ম্যাচে তার রান গড় ছিল ৩.৭৫। গত ছয়টি একদিনের ম্যাচে জয়াসুরিয়ার সর্বোচ্চ রান ৩১। জয়াসুরিয়া নিজে ২০১১ সালের বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন। এর ফলে বিশ্বকাপেও জয়াসুরিয়ার খেলা অনিশ্চিত হয়ে গেল। তবে মুরালিধরন বিশ্বকাপ দলে থাকবেন বলে এখনই জানিয়ে দিয়েছেন ডি সিলভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২০৩০ ঘ.