ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ।
এবছর অক্টবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু'টি টেস্ট, পাঁচটি একদিনের এবং একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। হয়তো ওই সিরিজেই দলে ফিরবেন পাকিস্তানের সফল এই ব্যাটসম্যান।
ইউসুফ বলছেন, "আমি এই মৌসুমে ঘরোয়া ক্রিকেটে খেলার পরিকল্পনা নিয়েছি। আপাতত আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ভাবছি না। তবে যদি ফিরি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ফিরতে পারি।'
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সর্বশেষ সফরে সব ম্যচেই হেরে যায় পাকিস্তান। এজন্য খেলোয়াড়দের ভেতরের বিরোধকে দায়ী করে পাকিস্তান ক্রিকেট বোর্ড গত মার্চে দলের সাত ক্রিকেটারকে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়। এদের মধ্যে ছয়জন আপিল করলেও মোহাম্মদ ইউসুফ আপিল করেননি। যদিও বোর্ড তার ফেরার পথ খোলা রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০১১ ঘ.
bdnews24