২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার কাছেও হারল বাংলাদেশ

শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 05:54 PM

Updated : 25 Aug 2022, 12:22 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। শুক্রবার ১২৬ রানে হেরে যায় তারা। জয়ের ব্যবধান বড় হওয়ায় বোনাস পয়েন্ট পায় শ্রীলঙ্কা। এর আগে বাংলাদেশ তাদেও প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হার মানে। ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামের ব্যাটিং পিচে টস জিতে ব্যাটিং নিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে। বাংলাদেশের পেস আক্রমণকে তুলোধুনো করে মাত্র ৫ দশমিক ১ ওভারেই ৫০ রান তুলে নেন লঙ্কান উদ্বোধনী ব্যাটসম্যানরা। বিশেষ করে দিলশানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে অভিজ্ঞ মাশরাফিকে তার প্রথম দু' ওভারেই ২৬ রান গুনতে হয়। অধিনায়ক সাকিব আল হাসান বোলার পাল্টিয়েও কোনো সাফল্য পাননি। দিলশানের মারকুটে ব্যাটিংয়ে মাত্র ১২ ওভারেই শ্রীলঙ্কার রান ১০০ পার হয়। এর কিছু পরেই অবশ্য অধিনায়ক সাকিব তার ঘূর্ণিবলে দিলশানকে রিটার্ন ক্যাচ দিতে বাধ্য করেন। তবে তার আগেই ১১টি চার ও এক ছক্কায় মাত্র ৫১ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলে ফেলেন দিলশান। এরপর উপুল থারাঙ্গা ৫৪, অধিনায়ক কুমার সাঙ্গাকারা ৫২, মাহেলা জয়াবর্ধনে ৪৩ এবং এঞ্জেলা ম্যাথুস ৪২ রান করলে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ৩১২ রানের পাহাড় গড়ে। এটাই ডাম্বুলা মাঠে কোনও দলের সর্বোচ্চ রানের ইনিংস। ৫৯ রানে ২ উইকেট তুলে নেন তরুণ পেসার সফিউল ইসলাম। জবাবে ১৮৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ৪০ ওভার ২ বলে। তবে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দলীয় ২০ রানে নুয়ান কুলাসেকারার বলে স্লিপে জয়াবর্ধনের হাতে ধরা পড়ে ইমরুল কায়েস (৩) সাজঘরে ফিরলেও অন্য উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল মেরে খেলেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তাকে সঙ্গ দিচ্ছিলেন জুনায়েদ সিদ্দিকী। তিনিও বেশ আক্রমণাত্মক ব্যাটিংই করছিলেন। কিন্তু দলীয় ৭৭ রানে মুরালিধরনের বলে জুনায়েদ আউট হয়ে যান। ছয়টি চারের মারের সাহায্য ৩৪ বলে ৩৮ রান করেন তিনি। এরপরও লড়াই চালিয়ে যাচ্ছিলেন তামিম। দিলশানের ১৯তম ওভারের প্রথম বলে চার মেরে তামিম (৫১) তার ১৩তম অর্ধশতক পূর্ণ করার পরের বলেই উইকেটরক্ষক সাঙ্গাকারার হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন। বাংলাদেশ তখন ১০৪ রানে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়া শুরু করলে বাংলাদেশ খুব বেশিদূর এগুতে পারেনি। ব্যর্থতার ঘেরাটোপেই থেকে গেছেন আশরাফুল (৯), অধিনায়ক সাকিব আল হাসান (২০), মুশফিকুর রহিম (৬), মাহমুদ উল্লাহ রিয়াদ (৯), নাইম ইসলাম (১৫) ও মাশরাফি বিন মোর্তুজা (১৫)। দিলশান ৩৭ রানে তিন উইকেট তুলে নেন। এছাড়া মুরালিধরন, মালিঙ্গা ও ওলেগেদেরা দু'টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন তিলকরতে