ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড সফরে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ১৫৭ রানে পিছিয়ে আছে অ্যাসেক্স। হাতে আছে আট উইকেট। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৩১ রান তোলে বাংলাদেশ। পরে ব্যাট করতে নেমে অ্যাসেক্স দুই উইকেটে করে ৭৪।
কাউন্টি গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অ্যাসেক্স। কিন্তু শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যক্তিগত শূন্য রানে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান জহুরুল ইসলাম। দলের রান তখন ৫।
ইমরুল কায়েস ১২ ও জুনায়েদ সিদ্দিকী ২০ রানে সাজঘরে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। তবে মোহাম্মদ আশরাফুলের ৫৮, সাহাদাত হোসেনের ৩৩ ও মাহামুদউল্লাহ রিয়াদের ২৫ রানের সুবাদে লড়াইয়ের পূঁজি গড়ে তোলে বাংলাদেশ।
অ্যাসেক্সের পক্ষে মাউরাইস চ্যাম্বার্স চারটি ও টনি পালাডিনো নেন তিনটি উইকেট। এজন্য মাউরাইস খরচ করেন ৩২ রান, টনি দেন ৯১। এছাড়া মাক্স ওসবোর্ন ৬০ রানে নেন দুই উইকেট।
পরে ব্যাট করতে নেমে দলীয় ৬৬ রানের মধ্যে দুই উইকেট হারায় অ্যাসেক্স। উদ্বোধনী ব্যাটসম্যান বিলি গুডলেম্যান ১৭ ও জেইক মাইকলেবুর্গ সাজঘরে ফেরেন ২ রানে। উইকেট দু'টি নেন রবিউল ইসলাম, ২৩ রানে।
৪৮ রানে ব্যাট করছেন উদ্বোধনী ব্যাটসম্যান জন মাউন্ডার্স। অপর ব্যাটসম্যান ম্যাট ওয়ার্কার অপরাজিত রয়েছে ৩ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/০০১৬ ঘ.
bdnews24