২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শুরু নিউজিল্যান্ডের

তীব্র উত্তেজনাকর খেলায় নিউজিল্যান্ড ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। জয়ের লক্ষ্য ১৩৬ রান টপকে নিউজিল্যান্ড আট উইকেটে ১৩৯-এ পৌঁছে যায় এক বল হাতে রেখেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 05:02 PM

Updated : 24 Aug 2022, 09:00 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তীব্র উত্তেজনাকর খেলায় নিউজিল্যান্ড ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। জয়ের লক্ষ্য ১৩৬ রান টপকে নিউজিল্যান্ড আট উইকেটে ১৩৯-এ পৌঁছে যায় এক বল হাতে রেখেই। প্রথমে ব্যাট করে মাহেলা জয়াবর্ধনের অর্ধ-শতকের ওপর ভর করে শ্রীলঙ্কা রান করে ১৩৫, ছয় উইকেটে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের প্রথম খেলায় শুক্রবার জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে শূন্য রানে ব্রেন্ডন ম্যাককালামের উইকেটটি হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড। অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে লাসিথ মালিঙ্গার হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন তিনি। এ অবস্থায় হাল ধরে জেসি রাইডার ও মার্টিন গুপটিল বিপদ থেকে দলকে কিছুটা হলেও টেনে তোলেন। দলের সঙ্গে যুক্ত করেন তারা ৬২ রান। মুত্তিয়া মুরালিধরনের বলে বোল্ড হওয়ার আগে ২৭ বলে ৪২ রান করেন রাইডার। এরপর ৬৬ রানের মাথায় ফিরে যান গুপটিল। ১৯ রান করেন তিনি ২৪ বলে। দলের সঙ্গে আর ২০ রান যোগ হওয়ার পর ৮৬ রানের মাথায় বিদায় নেন রস টেলর। ১৫ বলে ৯ রান করে মুরালিধরনের বলে ম্যাথিউসের হাতে ধরা পড়েন তিনি। স্কট স্টাইরিস ও অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি, দু'জনই ১৭ রান করে বিদায় নিলে জমে ওঠে ব্যাট-বলের লড়াই। কিন্তু শেষের দিকে জ্যাকব ওরাম ৬ বলে ১৫ ও নাথান ম্যাককালাম ৬ বলে ১৬ রান করে দলকে পৌঁছে দেন কাক্সিক্ষত লক্ষ্যে। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে মুত্তিয়া মুরালিধরন ২ উইকেট নেন ২৫ রানে। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কা। কিন্তু উদ্বোধনী ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে ছাড়া সুবিধা করতে পারেননি অন্য ব্যাটসম্যানরা। অপর উদ্বোধনী ব্যাটসম্যান দিলশান ৩৫ রানের মাথায় ১৯ বলে ৩ রান করে জ্যাকব ওরামের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরের পথ ধরলেও খেলে যেতে থাকেন জয়াবর্ধনে। টিম সুথির বলে নাথান ম্যাককালামের হাতে ধরা পড়ার আগে করেন ৫১ বলে ৮১। ২৩ বলে ২৯ রান করেন দিনেশ চান্দিমাল। এছাড়া আর কোনো ব্যাটসম্যান মোটেও সুবিধা করতে পারেননি। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে শেন বন্ড নেন ২ উইকেট, ৩৫ রানে। এছাড়া একটি করে উইকেট নেন নাথান ম্যাককালাম, টিম সুথি, জ্যাকব ওরাম ও স্কট স্টাইরিস। ম্যাচ সেরা হন নাথান ম্যাককালাম।