ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডান হাতে চোট পাওয়ায় টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের হয়ে খেলা হলো না ব্রেট লি'র। শেষ পর্যন্ত দর্শক হয়ে যেতে হলো তাকে।
এতে কপাল খুলে যেতে পারে ডোগ বলিঙ্গার কিংবা রায়ান হ্যারিসের। কেননা লি'র বদলে দলে নেয়া হতে পারে দু'জনের একজনকে।
চোটের কারণে লি অক্টোবর থেকে দেশের পক্ষে খেলতে পারছেন না। কনুইয়ে অস্ত্রোপচারের পর তিনি দলে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪ ওভার বল করে ১টি উইকেট নেন। কিন্তু এরপরই হাতে ব্যথা অনুভব করেন। খেলায় এক রানে হারে তার দল।
প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া প্রথম মাঠে নামবে রোববার, পাকিস্তানের বিপক্ষে। এর আগে বৃহস্পতিবার উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের বিপক্ষে আরো একটি প্রস্তুতি ম্যাচ তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৭৫০ ঘ.
bdnews24