ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৭ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে।
ব্যাঙ্গালোরে শনিবার ৪৩তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায়। কলকাতা ৯ উইকেট হারিয়ে করে ১৬০ রান। জয়ের জন্য ব্যাঙ্গালোর ১৬১ রানের লক্ষ্য টপকে পৌঁছে যায় ১৬২ রানে, ৩ উইকেটে। তখনো হাতে ছিল ১৭ বল।
শুরুটা ভালো করলেও রান তুলতে বেশ বেগ পেতে হয় কলকাতার ব্যাটসম্যানদের। কোনো ব্যাটসম্যানই অর্ধ-শতক করতে পারেননি। সবচেয়ে বেশি ৪৫ রান করেন ব্রেন্ডন ম্যাককালাম। তার ৩৬ বলের ইনিংসে চার রয়েছে ৫টি, ছক্কা দু'টি। এছাড়া ক্রিস গেইল ১৫ বলে ৩৪ ও অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ৩২ বলে করেন ৩৩।
বিনয় কুমার ২৩ রানে ৩ উইকেট নেন। জ্যাক ক্যালিস ২ উইকেট নেন, ৩১ রানে।
জয়ের জন্য ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ব্যাঙ্গালোরের। ক্যালিস ৮ রান করে অশোক দিন্দার বলে ক্রিস গেইলের হাতে ধরা পড়েন। তখন দলের রান ছিল মাত্র ১১। এরপরই পাল্টে যায় খেলার চিত্র। এস শ্রীরাম ও রাহুল দ্রাবিড় জুটি বেঁধে দলের সঙ্গে যুক্ত করেন ৭২ রান। শ্রীরাম দিন্দার বলে বোল্ড হওয়ার আগে করেন ২৯ বলে ২৭। শ্রীরাম কিছুটা ধীরস্থির থাকলেও ঝড়ো ইনিংস খেলেন রাহুল দ্রাবিড়। ৩৫ বলে করেন ৫২।
দলের ১০২ রানের মাথায় দ্রাবিড় ফিরে গেলেও পেছন ফিরে তাকাতে হয়নি ব্যাঙ্গালোরকে। রবিন উথাপা ও রস টেলর দলকে পৌঁছে দেন জয়ের কাক্সিক্ষত লক্ষ্যে।
টেলর ১৪ রানে অপরাজিত ছিলেন। উথাপা খেলেন হার না মানা ৫০ রানের ইনিংস।
অশোক দিন্দা ২ উইকেট নেন ১৫ রানে।
ম্যাচ সেরা হন বিনয় কুমার (ব্যাঙ্গালোর)।
ব্যাঙ্গালোরের পয়েন্ট ১১ ম্যাচে ১২। সমান ম্যাচে কলকাতার পয়েন্ট ১০। সব দলের উপড়ে রয়েছে মুম্বাই, ১৪ পয়েন্ট (১০ ম্যাচ) নিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৫৫৩১ ঘ.
bdnews24