২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'শোয়েব-সানিয়া বিয়ে বন্ধের অকাট্য তথ্য আছে'

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের বিয়ে বন্ধ করার মতো অকাট্য তথ্য-প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন তার (শোয়েব মালিক) কথিত স্ত্রী আয়শা সিদ্দিকির পাকিস্তানি আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 02:55 PM

Updated : 24 Aug 2022, 08:11 PM

লাহোর, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের বিয়ে বন্ধ করার মতো অকাট্য তথ্য-প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন তার (শোয়েব মালিক) কথিত স্ত্রী আয়শা সিদ্দিকির পাকিস্তানি আইনজীবী। আইনজীবী ফারুক হাসান লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেন, তার মূল লক্ষ্যই এই বিয়ে বন্ধ করা। হায়দ্রাবাদে ১৫ এপ্রিল শোয়েবের সঙ্গে সানিয়ার বিয়ে হওয়ার কথা। "দায়রা আদালত কিংবা লাহোর হাইকোর্টে মামলা দায়েরের জন্য আমি এখন চূড়ান্ত নথিপত্রের অপেক্ষায় আছি," বলেই চলেন ফারুক হাসান, "আর তিনদিনের মধ্যে আমি শোয়েবের বিরুদ্ধে মামলা দায়ের করবো বলে আশা করছি।" আয়শা ও তার পরিবার যেসব তথ্য-প্রমাণ দিয়েছেন তা যথেষ্ট শক্ত বলে তিনি দাবি করেন। হাসান বলেন, শোয়েবের বিরুদ্ধে আইনের দু'টি ধারায় মামলা দায়েরের সুযোগ আছে। প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা যেতে পারে। হুদুদ অধ্যাদেশের আওতায়ও মামলা করা যেতে পারে বলে তিনি জানান। হাসান বলেন, "এটা স্পষ্ট যে শোয়েব সত্য কথা বলছেন না। ছলনা করছেন আয়শার সঙ্গেও।" শোয়েব মালিকের বিরুদ্ধে তথ্য-প্রমাণের মধ্যে হোটেলের রশিদ রয়েছে বলে জানান তিনি। বলেন, শোয়েব ও আয়শাকে এক সঙ্গে দেখেছেন, এমন প্রত্যক্ষদর্শীদের বর্ণনাও তার কাছে রয়েছে। শোয়েবের বিরুদ্ধে মামলা দায়ের করার আগে আয়েশা কেন তিন বছর মুখ খোলেননি? এই প্রশ্নের জবাব আইনজীবী এড়িয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৩৮ ঘ.