হায়দ্রাবাদ, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত ছেড়ে যেতে নিষেধ করা হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিককে।
হায়দ্রাবাদ পুলিশের এক কর্মকর্তা এনডিটিভিকে জানান, শোয়েবের কথিত প্রথম স্ত্রী আয়শা সিদ্দিকির মামলা দায়েরের পর তিনি (শোয়েব) তার পাসপোর্ট এরই মধ্যে পুলিশের কাছে জমা দিয়েছেন।
কর্মকর্তা জানান, মামলাটি কেন্দ্রীয় অপরাধ তদন্ত কেন্দ্রে পাঠানো হবে। তদন্ত কাজ দেখভাল করবেন একজন অভিজ্ঞ কর্মকর্তা। শোয়েবকে গ্রেপ্তার করার ওপর পুলিশ জোর দিচ্ছে না। বরং প্রথমে মামলাটি তদন্ত করে দেখা হবে।
এদিকে আয়শা পুলিশকে জানিয়েছেন, শোয়েব তাকে হত্যার হুমকি দিয়েছেন। মুখ বন্ধ রাখার জন্য অর্থও দিতে চেয়েছেন।
হবু বধু ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার বাড়িতে সোমবার সকালে পুলিশ শোয়েবকে জিজ্ঞাসাবাদ করেছে। শনিবার হায়দ্রাবাদ আসার পর থেকে শোয়েব সানিয়ার বাড়িতেই থাকছেন। ১৫ এপ্রিল হায়দ্রাবাদে দু'জনের বিয়ে হওয়ার কথা।
শোয়েব ও সানিয়ার আকস্মিক বিয়ের ঘোষণা নিয়ে তোলপাড় শুরু হতে না হতেই তা চাপা পড়ে যায়। উল্টো গুঞ্জন ওঠে হায়দ্রাবাদেরই মেয়ে আয়শা সিদ্দিকীকে আগেই বিয়ে করেছেন তিনি এবং তাই এখন লোকজনের আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।
মামলায় বিয়ের কথা প্রকাশ না করার জন্য আয়শার ওপর চাপ সৃষ্টি, প্রতারণা ও যৌতুক নিয়ে হয়রানির অভিযোগ আনা হয়েছে।
দেড় ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের এক কর্মকর্তা জানান, "আমরা তথ্য-প্রমাণ সংগ্রহের চেষ্টা করছি। এ ব্যাপারে শোয়েবও যেমন সহযোগিতা করছেন, তেমনি তাকে সমর্থনও করছেন সানিয়া। তারা বলছেন, ঘটনার পেছনে যে সত্য রয়েছে, সে কথা তারা জানেন।"
জিজ্ঞাসাবাদের সময় শোয়েব পুলিশকে জানান, আয়শার পরিবার তার সঙ্গে 'প্রতারণা' করেছে। বিয়ে পড়িয়েছে 'ছলনা' করে।
আগেরদিন রোববার তিনি দাবি করেন, আবেগের বশে হায়দ্রাবাদের একটি মেয়ের সঙ্গে 'নিকাহনামা'য় সই করতে তিনি বাধ্য হয়েছেন। কিন্তু আয়শার পরিবার তার সঙ্গে প্রতারণা করেছে বলে এই বিয়ে বৈধ নয়। এছাড়া আয়শার কথা বলে যে ছবি পাঠানো হয়েছে সেই মেয়েটির সঙ্গে তার কখনো দেখা হয়নি।
পুলিশ কমিশনার একে খান বলেন, "এফআইআর দায়ের করা হয়েছে। এ ব্যাপারে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হবে। এছাড়া শোয়েব পাকিস্তানি হওয়ায় আইনি পরামর্শও নেয়া হবে।"
অতিরিক্ত পুলিশ কমিশনার দাওয়ারকা থিরুমালা রাও বলেন, "আয়শা সিদ্দিকি বানজারা হিলস থানায় শোয়েবের বিপক্ষে একটি অভিযোগ দায়ের করেছেন। সেটি মামলা হিসেবে আমরা গ্রহণও করেছি। এখন পুলিশ আইনি মতামত নেবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২০ ঘ.
bdnews24