ইসলামাবাদ, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ বছরের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতে একটি টেস্ট ও একদিনের সিরিজ খেলার পরিকল্পনা নিয়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলা গালফ নিউজকে জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ড এই প্রস্তাব দিয়েছে। আর এতে তারা রাজি আছেন। যদিও খেলার দিন-ক্ষণ ও মাঠ এখনো ঠিক করা হয়নি।
তিনি বলেন, "আমিরাতে ভালো ক্রিকেটের মাঠ রয়েছে। এর আগেও আমাদের দল শারজাহ ও আবুধাবিতে খেলেছে। আমরা নতুন মাঠ দুবাই স্পোর্টস সিটিতে খেলার অপেক্ষায় আছি। কিন্তু এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২০৪৪ ঘ.
bdnews24