মুম্বাই, ৩১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্স ৪ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে।
ব্রাবোর্ন স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ২৭তম ম্যাচে টস জিতে শচীন টেন্ডুলকারের দল মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিংয়ে পাঠায় পাঞ্জাবকে। নির্ধারিত ২০ ওভারে মাহেলা জয়াবর্ধনের দল পাঞ্জাব সব উইকেট হারিয়ে তোলে ১৬৩ রান। জয়ের লক্ষ্য ১৬৪ রানে মুম্বাই পৌঁছে যায় ৬ উইকেটে। তখনো হাতে ছিল তিন বল।
দলের পক্ষে সবচেয়ে বেশি ৪৭ বলে ৫৭ রান করেন শন মার্শ। সীমানার ওপাড়ে বল পাঠান ৬ বার। এছাড়া পিযুস চাওলা ১৩ বলে ২২ ও মাহেলা জয়াবর্ধন ২০ রান করেন।
লাসিথ মালিঙ্গা ২২ রানে নেন ৪ উইকেট। জহির খান ৩ উইকেট নেন, ৩৪ রানে।
টেন্ডুলকার মাত্র ১১ রান করে সাজঘরে ফিরে গেলেও শেখর ধাওয়ান ৪০ বলে করেন ৫০। এছাড়া সোরাব তিওয়ারি ২৩ বলে ৩১ রান ও কেএ পোলার্ড ২০ রান করেন।
ইরফান পাঠান, শ্রীবাস্তাবা ও পিযুস চাওলা একটি করে উইকেট নেন।
পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, ১২ পয়েন্ট নিয়ে। কিংস ইলেভেন পাঞ্জাব রয়েছে সব দলের নিচে, পয়েন্ট ২।
ম্যাচ সেরা হন লাসিথ মালিঙ্গা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৬০৯ ঘ.
bdnews24