২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসুফকে ফিরে আসার আহবান পিসিবির

মোহাম্মদ ইউসুফকে টেস্টে এখনো প্রয়োজন রয়েছে এবং আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের সিদ্ধান্ত থেকে তাকে সরে আসতে অনুরোধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 11:40 AM

Updated : 24 Aug 2022, 08:01 PM

করাচি, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহাম্মদ ইউসুফকে টেস্টে এখনো প্রয়োজন রয়েছে এবং আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের সিদ্ধান্ত থেকে তাকে সরে আসতে অনুরোধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক মহসিন খান ইউসুফের অবসরের ব্যাপারে রয়টার্সকে বলেন,"পাকিস্তানের টেস্ট ক্রিকেটে তাকে এখনো দরকার। আগামী ইংল্যান্ড সফরে তিনি (ইউসুফ) আমাদের পরিকল্পনায় রয়েছেন।" অস্ট্রেলিয়া সফরে বাজে খেলার অভিযোগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তৃক অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষিত হন ইউসুফ। এই প্রেক্ষিতে ক্ষুব্ধ এ ক্রিকেটার সোমবার অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেন। ইউসুফ ৮৮টি টেস্ট ও ২৮২ টি এক দিনের ম্যাচ খেলেছেন। টেস্টে পাকিস্তানের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান এসেছে (৭৪৩১ রান) তার ব্যাট থেকেই। ২৪টি টেস্টসহ ৩৯টি শতকেরও মালিক এ ব্যাটসম্যান। টেস্ট গড়ও ঈর্ষনীয়, ৫৩.০৭। এছাড়া এক মৌসুমে টেস্টে সর্বোচ্চ রান করার রেকর্ডের মালিক ইউসুফ। ২০০৬ সালে নয় সেঞ্চুরিসহ টেস্টে ১৭৮৮ রান করার স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারও নির্বাচিত হন তিনি। উল্লেখ্য অস্ট্রেলিয়া সফরে বাজে খেলার অভিযোগে ইউসুফসহ পাকিস্তানের সাতজন ক্রিকেটারকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করায় পিসিবি। তাদের মধ্যে সাবেক দুই অধিনায়ক ইউনুস খান ও মোহাম্মদ ইউসুফ অনির্দিষ্টকালের জন্য এবং শোয়েব মালিক ও রানা নাভেদ-উল-হাসানকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এছাড়া শহীদ আফ্রিদি ও আকমল ভ্রাতৃদ্বয়কে শুধু জরিমানা করা হয় এবং আগামী ছয় মাস তাদেরকে পর্যবেক্ষণে রাখারও সিদ্ধান্ত নেয় বোর্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এএইচএস/১৭২৫ ঘ.