২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলরের শতকের পরও ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া

মিচেল জনসন, ডোগ বোলিঙ্গার ও রায়ান হ্যারিসের মারাত্মক বোলিংয়ের সুবাদে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। রস টেলরের শতকের পরও প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ২৬৪ রানে বেঁধে দ্বিতীয়দিন দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়া রান তুলেছে ৩৫, কোনো উইকেট না হারিয়ে। ফলে এগিয়ে আছে এখন দুই রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 10:23 AM

Updated : 24 Aug 2022, 07:57 PM

হ্যামিল্টন, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিচেল জনসন, ডোগ বোলিঙ্গার ও রায়ান হ্যারিসের মারাত্মক বোলিংয়ের সুবাদে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। রস টেলরের শতকের পরও প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ২৬৪ রানে বেঁধে দ্বিতীয়দিন দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়া রান তুলেছে ৩৫, কোনো উইকেট না হারিয়ে। ফলে এগিয়ে আছে এখন দুই রানে। প্রথম দফায় অস্ট্রেলিয়া রান করে ২৩১। উইকেটে আছেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ২৮ রান নিয়ে। তার ৪৩ বলের ইনিংসে চার রয়েছে ছয়টি। এছাড়া অপর উদ্বোধনী ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ অপরাজিত রয়েছেন ৬ রানে। খেলেছেন ৪২ বল। সেডন পার্কে দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিন রোববার এক উইকেটে ১৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান ম্যাথু সিনক্লেয়ার তার ৮ রানের সঙ্গে মাত্র ৩ যোগ করে সাজঘরের পথ ধরলে বিপদে পড়ে নিউজিল্যান্ড। তখন দলের রান ছিল মাত্র ৩০। তবে অপর অপরাজিত ব্যাটসম্যান বিজে ওয়াটলিং খেলে যেতে থাকেন হিসেব করে। আর অন্য প্রান্তে টেস্ট নয়, ২০ ওভারের খেলার মতো ব্যাট চালাতে থাকেন রস টেলর। দু'জনে মিলে দলের সঙ্গে ৮৪ রান যোগ করে বিপদ কাটাতে না কাটাতে আবারো বিপদে পড়ে নিউজিল্যান্ড। ১১৪ রানের মাথায় ডোগ বোলিঙ্গারের বলে ওয়াটলিংয়ের উইকেট উড়ে যাওয়ার আগে রান করেন ৪৬। তার ১০৩ বলের ইনিংসে চার রয়েছে মাত্র পাঁচটি। এরপর এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও অপর প্রান্তে টেলরের ঝড় চলতেই থাকে। ২৩৬ রানের মাথায় অস্টম উইকেট হিসেবে টেলরের বিদায়ের পর নিউজিল্যান্ডের প্রথম ইনিংস আর বেশি দূর এগোয়নি। ১৩৮ রান করেন টেলর মাত্র ১০৪ বলে। তিনি তার ইনিংসটি সাজান ১৯টি চার ও চারটি ছক্কা দিয়ে। টেলর ক্রিকেট জীবনের পঞ্চম শতকে পৌঁছান মাত্র ৮১ বলে, ১৭টি চার ও একটি ছক্কার সাহায্যে। অনেকটা ফুলার লেঙথের বলকে পুল করার চেষ্টা করেন। কিন্তু বল তার ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনের হাতে জমা পড়ে। আম্পায়ার আসাদ রউফ প্রথমে অবিচল ছিলেন। নাকচও করে দেন অস্ট্রেলিয়ার আবেদন। পড়ে অবশ্য তিনি তার সিদ্ধান্ত পাল্টান। কিউই ব্যাটসম্যানদের মধ্যে টিম সুথি ২২ রানে অপরাজিত ছিলেন। অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি করেন ১৫। এছাড়া উল্লেখ করার মতো রান আর কোনো ব্যাটসম্যান করতে পারেননি। আক্ষরিক অর্থেই অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান তিন বোলার বোলিঙ্গার, রায়ান হ্যারিস ও মিচেল জনসন। বোলিঙ্গার ও হ্যারিস তিনটি করে উইকেট নেন। এজন্য হ্যারিসের খরচ হয় ৫০ রান, বোলিঙ্গার দেন ৫৭। আর সব চেয়ে সফল বোলার জনসন চার উইকেট নেন ৫৯ রানে। প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬০৮ ঘ.