মোহালি, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার রাতে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স ৩৯ রানে হারিয়েছে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবকে।
মোহালিতে আইপিএলের ২৩তম ম্যাচে টস জিতে সৌরভ গাঙ্গুলীর দল কলকাতা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮৩ রান তোলে, ৫ উইকেট হারিয়ে। জেতার লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৪৪ রানে থেমে যায় পাঞ্জাবের ইনিংস।
শুরুতে ৪৫ রানের মধ্যে ২ উইকেট হারালে কলকাতা কিছুটা বিপদে পড়ে। তবে পরিস্থিতি সামাল দেন ভারতের সাবেক অধিনায়ক গাঙ্গুলী ও তিওয়ারি।
সৌরভ গাঙ্গুলী ৪০ বলে ৫০ রান করে ইরফান পাঠানের বলে পিযুষ চাওলার হাতে ধরা পড়েন। আর মনোজ তিওয়ারি ৪৭ বলে ৭৫ রানের হার না মানা একটি ইনিংস খেলেন।
ইরফান পাঠান নেন দুই উইকেট, রান দেন ৪২। সালাভ শ্রীবাস্তবা ২৩ রান দিয়ে নেন দুই উইকেট।
জেতার লক্ষ্য তাড়া করতে নেমেই পথ হারিয়ে ফেলে পাঞ্জাব। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ০ রানে নিউজিল্যান্ড দলের পেসার শেন বন্ডের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। এরপর কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। ফলে পথ খুঁজে পাওয়া আর হয়নি পাঞ্জাবের।
শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা সব চেয়ে বেশি ৩০ রান করেন, ২৭ বলে। যুবরাজ সিং ২৪ রান করে অজিত আগারকারের বলে তিওয়ারির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এছাড়া মানবিন্দর বিসলা ও ইরফান পাঠান, দু'জনেই করেন ২২ রান করে।
শেন বন্ড ২৪ রান দিয়ে নেন ২ উইকেট। আগারকার শিকার করেন ২ উইকেট, ৩২ রান দিয়ে।
কলকাতা ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে । পাঞ্জাব রয়েছে সবার নিচে, আট নম্বরে, ২ পয়েন্ট নিয়ে।
ম্যাচ সেরা নির্বাচিত হন কলকাতা নাইট রাইডার্সের মনোজ তিওয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই
bdnews24