ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইয়ান বেলের শতকের ওপর ভর করে বাংলাদেশের প্রথম ইনিংসের রান টপকে গেছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টের তৃতীয়দিন ইংল্যান্ড প্রথম ইনিংসে রান করে ৪৪০, আট উইকেটে। ফলে ইংল্যান্ড এখন এগিয়ে রয়েছে ২১ রানে। হাতে আছে দুই উইকেট।
বাংলাদেশ প্রথম ইনিংসে রান তুলেছে ৪১৯।
ব্যাটসম্যান টিম ব্রেসন্যান অপরাজিত রয়েছেন ৭৪ রানে। ২১৪ বল খেলে চার মেরেছেন মাত্র ৫টি। অন্য ব্যাটসম্যান জেমস ট্রেডওয়েল হিসেবের খাতা খুলতে পারেননি। খেলেছেন মাত্র ২ বল।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার ৩ উইকেটে ১৭১ রান নিয়ে দিনের খেলা শুরু করেন আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জোনাথন ট্রট ও ইয়ান বেল। খেলার শুরুতেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ। ট্রট তার ৬৪-এর সঙ্গে কোনো রান যোগ না করেই ফিরে যান। অধিনায়ক সাকিব আল হাসানের স্ট্যাম্পের ওপরের বলটি সামনের পায়ে ভর রেখে খেলেন ট্রট। কিন্তু ব্যাটকে ফাঁকি দিয়ে প্যাডে লেগে বল কিছুটা উপরে উঠে গিয়ে লাগে কনুইয়ে। এরপর বল গিয়ে পড়ে অফ-স্ট্যাম্পের ওপর। তখন দলের রান ছিল ১৭৪।
কিন্তু বেল থেমে থাকেননি। খেলে যেতে থাকেন হিসেব করে। খারাপ বলকে শাস্তি দিতে ছাড়েননি। ভালো বল খেলেছেন সমীহ করে। এভাবেই টেনে নিয়ে যান তিনি তার ২৫ রানের ইনিংসটিকে, আদায় করে নেন টেস্ট জীবনের দশম শতক। ঠিক এক শ' রানে পৌঁছান ২০১ বলে, ১১টি চার ও একটি ছক্কার সাহায্যে। শেষ পর্যন্ত তিনি আউট হন তিনি ১৩৮ রান করে, দলীয় ৪১৫ রানের মাথায়। সাকিবের আগের বলটি তুলে মারার পরেরটি আবার সুইপ করেন। কিন্তু ব্যাটের কানায় লেগে বলটি উঠে যায় আকাশে। বলটি লুফে নিতে কোনো অসুবিধা হয়নি জহুরুল ইসলামের।
এর আগে উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাট প্রায়রও অর্ধ-শতক করেন। ২৭২ রানের মাথায় ৬২ রান করে সাকিবের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন তিনি। লেগ-স্ট্যাম্পের বাইরের বল উইকেট থেকে বেরিয়ে গিয়ে সপাটে ব্যাট চালান প্রায়র। ফ্লাইটেড বলে কোনো স্পিন ছিল না। আর সেটাই বুঝতে পারেননি তিনি। ব্যাটকে ফাঁকি দিয়ে বল ভেঙ্গে দেয় প্রায়রের স্ট্যাম্প।
গ্রায়েম সোয়ান ৪২৬ রানের মাথায় আউট হন দুর্ভাগ্যজনকভাবে। উইকেট থেকে বেরিয়ে গিয়ে সপাটে স্ট্রেইট ড্রাইভ করেন সাকিব আল হাসানকে। কিন্তু বলটি সাকিবের হাতে লেগে স্ট্যাম্প ভেঙ্গে যায়। এদিকে রান নেয়ার জন্য স্বাভাবিকভাবেই কিছুটা এগিয়ে গিয়েছিলেন সোয়ান। কিন্তু জায়গায় ফেরার মতো কোনো সময়ই পাননি। যত দূর এগিয়ে গিয়েছিলেন সেখান থেকেই সাজঘরের পথ ধরেন তিনি ৬ রান করে।
স্টুয়ার্ট ব্রড ৩ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। তখন দলের রান ছিল ৪৩৪।
বাংলাদেশের বোলারদের মধ্যে চার উইকেট নিয়েছেন সাকিব, ৯৯ রানে। বল করেছেন ৫৭ ওভার।
চট্টগ্রাম টেস্ট জিতে ১-০ ম্যাচে এগিয়ে আছে ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭০০ ঘ.
bdnews24