২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফতাব বাদ, অভিষেক জহিরুলের

ইংল্যান্ডের বিপক্ষে শনিবার থেকে মিরপুরে শুরু হতে যাওয়া বেক্সিমকো সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে ব্যাটসম্যান জহিরুল ইসলামের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 05:46 PM

Updated : 24 Aug 2022, 07:40 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের বিপক্ষে শনিবার থেকে মিরপুরে শুরু হতে যাওয়া বেক্সিমকো সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে ব্যাটসম্যান জহিরুল ইসলামের। আফতাব আহমেদের পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন জাতীয় ক্রিকেট লিগে সফল এ ব্যাটসম্যান। দ্বিতীয় টেস্টে বোলিংয়েও একটি পরিবর্তন আনছে বাংলাদেশ। পেসার শাহাদাত হোসেনের পরিবর্তে নামবেন পেসার শফিউল ইসলাম। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে অভিষেক হলে তিনি হবেন স্বাগতিকদের ৫৮তম টেস্ট খেলোয়াড়। কিছুদিন আগে শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীকে চ্যাম্পিয়ন করার পেছনেও বড় ভূমিকা ছিল জহিরুলের। ঘরোয়া প্রথম শ্রেণীর এ লিগে ৬৮.৯২ রান গড়ে সর্বোচ্চ ৯৬৫ রান করেন। প্রথম একাদশে জায়গা হওয়ার সংবাদ শুনে তিনি বলেন,''এটা অবশ্যই সে মুহূর্ত, ক্রিকেটার হওয়ার পর থেকেই যে স্বপ্ন আমি লালন করেছি। টেস্ট খেলোয়াড় হওয়া শুরু থেকেই আমার প্রধান লক্ষ্য ছিল।'' ওপরের সারির ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে ব্যর্থ। এ অবস্থায় ২৪ বছর বয়সী রাজশাহী বিভাগের এ ক্রিকেটার রান পেলে কিছুটা হলেও স্বস্তি পাবেন স্বাগতিরা। দলে নতুন ডাক পেয়েছেন। সেখানেও নিজেকে দারুণ মানিয়ে নিয়েছেন তিনি। দলের পরিবেশসহ সবকিছুই মুগ্ধ করেছে এ ক্রিকেটারকে। জহিরুল জানান, '' জাতীয় দলের পরিবেশ খুবই ভালো। খেলোয়াড় থেকে শুরু করে কোচ ও কর্মকর্তারাও সবাই আমাকে স্বাগত জানিয়েছেন ও সহায়তা করছেন।'' চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে ব্যাটসম্যান রকিবুলের অবসরের ঘোষণার পরই জহিরুল ইসলামকে দলে ডাকা হয়। তবে চট্টগ্রামে মাঠে নামতে পারেননি তিনি। দ্বিতীয় টেস্টের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, জহিরুল ইসলাম, মাহমুদ উল্লাহ, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম ও রুবেল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/পিডি/২৩৩৯ ঘ.