২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুনায়েদের অর্ধ-শতক, খেলা গড়ালো পঞ্চমদিনে

অলৌকিক কোনো কিছু না ঘটলে বাংলাদেশের হার নিশ্চিত। জুনায়েদ সিদ্দিকীর অর্ধ-শতকের ওপর ভর করে ব্যাটসম্যানরা খেলা শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছেন পঞ্চমদিনে। চতুর্থদিন শেষে রান তুলেছে ১৯১, পাঁচ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 08:16 AM

Updated : 24 Aug 2022, 07:34 PM

চট্টগ্রাম, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলৌকিক কোনো কিছু না ঘটলে বাংলাদেশের হার নিশ্চিত। জুনায়েদ সিদ্দিকীর অর্ধ-শতকের ওপর ভর করে ব্যাটসম্যানরা খেলা শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছেন পঞ্চমদিনে। চতুর্থদিন শেষে রান তুলেছে ১৯১, পাঁচ উইকেটে। আক্ষরিক অর্থেই জেতার জন্য ৫১৩ রানের অসম্ভব একটি লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ। এর আগে চতুর্থ ইনিংসে বাংলাদেশ সবচেয়ে বেশি রান করেছিল ৪১৩, শ্রীলঙ্কার বিপক্ষে। আর সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২০০২-০৩ মৌসুমে। জুনায়েদ সিদ্দিকী অপরাজিত রয়েছেন ৬৮ রানে। ১৯৯ বলের ইনিংসে দড়ির ওপারে বল পাঠিয়েছেন দশবার। তিনি তার টেস্ট জীবনের ৬ষ্ঠ অর্ধ-শতকে পৌঁছান ১৩৩ বলে, আটটি চারের সাহায্যে। অন্য অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম করেছেন ৪৭। তার ১০৫ বলের ইনিংসে চার রয়েছে ৬টি। নিখুঁত টেস্ট ইনিংস খেলছেন দু'জনই। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সোমবার প্রথম টেস্টের চতুর্থদিন জয়ের এই আকাশছোঁয়া লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩৩ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ১৪ রান করে ফিরে যান তামিম ইকবাল। সোয়ানের এই বলটি যে কোনো বোলারের জন্য স্বপ্নের। অফ-স্ট্যাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকার মুখে তামিম সমীহ করে খেলেন। কিন্তু ব্যাটকে ফাঁকি দিয়ে বলটি ঠিকই তার অফ-স্ট্যাম্প ভেঙ্গে দেয়। প্রথম ইনিংসে তামিম করেছিলেন ৮৬। স্টিভ ফিনের বল অফ-স্ট্যাম্পের বাইরে পড়ে সামান্য সুইং করে বেরিয়ে যাচ্ছিল। ইমরুল কায়েস কয়েকবার খেলেন এবং হার মানেন। ব্যাটর ঠিক পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল বল। কপাল খারাপ ছিল বোলারের। ভাগ্য ভালো ছিল ব্যাটসম্যানের। বারবার ক্রিকেট-ইশ্বর ব্যটসম্যানের পক্ষে থাকবেন, তা হয় না। তাই শেষ হাসি হাসেন বোলারই। একটি বল তার ব্যাট ছুঁয়ে ঠিকই জমা পড়ে উইকেটরক্ষকের হাতে। তখন দলের রান ছিল ৪৫। ইমরুল ২৩ রান করেন ৪৫ বলে। চার মেরেছেন চারটি। দলের সঙ্গে ৫৪ রান যোগ হওয়ার পর আফতাব আহমেদ সাজঘরের পথ ধরেন ২৬ রান করে। ৯৯ রানের মাথায় অফ-স্ট্যাম্পের বাইরের বল ড্রাইভ করেন আফতাব। কিন্তু বল ব্যাটের ভেতরের দিকের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষকের হাতে। ১০৫ রানের মাথায় মাহমুদুল্লাহ (৫) ও ১১০ রানে অধিনায়ক সাকিব আল হাসান (৪) বিদায় নিলে সমূহ বিপদে পড়ে বাংলাদেশ। সংশয় দেখা দেয় পঞ্চমদিনে খেলা টেনে নিয়ে যাওয়া নিয়ে। এ অবস্থায় জুনায়েদের সঙ্গে হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। দলের সঙ্গে ৯১ রান যুক্ত করে তারা নিশ্চিত করেন পঞ্চমদিনে খেলা নিয়ে যাওয়া। ইংল্যান্ডের বোলারদের মধ্যে দু'টি করে উইকেট নেন ব্রেসন্যান ও সোয়ান। এজন্য ব্রেসন্যান খরচ করেন ৪৫ করেন। সোয়ান দেন ৬১। এর আগে সকালে ইংল্যান্ড দিনের খেলা শুরু করে ৫ উইকেটে ১৩১ রান নিয়ে। দলের সঙ্গে ১৩ রান যোগ হতেই বিদায় নেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাট প্রায়র। অধিনায়ক সাকিব আল হাসানের বলে সাহাদাত হোসেনের হাতে ধরা পড়ে বিদায় নেয়ার আগে করেন ৭। মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান ইয়ান বেল তার শূণ্য রানের ইনিংসটিকে নিয়ে যান ৩৯-এ। অপর প্রান্তে সাকিবের বলে সরাসরি বোল্ড হওয়ার আগে গ্রায়েম সোয়ান করেন ৩২। পরে আর তাদের ব্যাট করার সুযোগ দেননি ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। ইংল্যান্ড ৭ উইকেটে ২০৯ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ৩০৩ রানে এগিযে থাকার সুবাদে ইংল্যান্ড এগিয়ে যায় ৫১২ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে করে ২৯৬। সাকিব আল হাসান চার উইকেট নেন, ৬২ রানে। এছাড়া ৫৩ রানে দুই উইকেট নেন আব্দুর রাজ্জাক। আগেরদিন সুযোগ পেয়েও বাংলাদেশকে ফলো-অনে পাঠায়নি ইংল্যান্ড। প্রথম ইনিংসে সফরকারীদের ৫৯৯ রানের জবাবে ২৯৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/টিআর/১৬৪০ ঘ.